বাগমারায় অনলাইন জুয়াড়িসহ গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণা
- আপডেট সময়ঃ ০৮:০৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
- / ৪ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় অনলাইন জুয়া ও ক্যাসিনো সংশ্লিষ্ট কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে সাইবার সুরক্ষা আইনের মামলার তিন আসামিসহ বিভিন্ন মামলার ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাগমারা থানা সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনলাইন জুয়া ও ক্যাসিনো সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাইবার সুরক্ষা আইনের মামলার আসামি মনিরুজ্জামান মিলন, মেহেদী হাসান ও ফজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
বর্তমানে মোবাইল ফোন ও ইন্টারনেটভিত্তিক বিভিন্ন জুয়ার অ্যাপ এবং অনলাইন ক্যাসিনোর বিস্তার উদ্বেগজনক হারে বাড়ছে। সহজে অর্থ উপার্জনের প্রলোভনে পড়ে অনেক তরুণ এসব অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এতে একদিকে যেমন পারিবারিক অশান্তি ও আর্থিক সংকট তৈরি হচ্ছে, অন্যদিকে সামাজিক অপরাধও বৃদ্ধি পাচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এদিকে একই অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি সুমন আলী মোল্লা (২৬) এবং সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি মিজানুর ইসলামকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও চার্জার অটো গাড়ি চুরির মামলা আরেকজনকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশের এ অভিযানে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছে এবং যুবসমাজকে অনলাইন জুয়ার ভয়াবহতা থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়েছে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অনলাইন জুয়াসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।









