নওগাঁর মান্দায় বাসচাপায় কারারক্ষী নিহত ঘটনায় ঘাতক চালক আটক
- আপডেট সময়ঃ ০৮:৩৭:৩১ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- / ১৪০ বার পড়া হয়েছে।

মান্দা প্রতিনিধি:
নওগাঁর মান্দায় দ্রুতগামী একটি বাসের চাপায় পলাশ আলী (২৮) নামে এক কারারক্ষী নিহত হয়েছিলেন গত বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে। নওগাঁ-রাজশাহী মহাসড়কের ভোলাবাজার এলাকায় এ ঘটনা ঘটেছিল।
নিহত পলাশ আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বিরামপাড়া গ্রামের জুল্লুর রহমানের ছেলে। তিনি বগুড়া জেলা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পলাশ আলী মোটরসাইকেলে করে নিজ গ্রামের বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে ভোলাবাজার এলাকায় পৌঁছালে রাজশাহী থেকে নওগাঁগামী একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর বাসটি পালিয়ে যায়।
তবে পুলিশ আজ অভিযান চালিয়ে ঘাতক বাসচালককে আটক করে। আটক চালকের নাম ইসকান্দার মির্জা, তিনি রাজশাহী জেলার পবা উপজেলার মহনন্দখলী গ্রামের আব্দুর সাত্তার আলীর ছেলে।
পুলিশ জানিয়েছে, ঘাতক বাস ও চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



















