নওগাঁর আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর উদ্বোধন ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
- আপডেট সময়ঃ ০৮:২৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / ২২ বার পড়া হয়েছে।

আব্দুস ছালাম , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকাল ৩:০০ ঘটিকায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান (এমপি)। সারাদেশের ন্যায় আত্রাই উপজেলাতেও উদ্বোধনী অনুষ্ঠানটি অত্যন্ত আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ চত্বরে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি আত্রাই উপজেলার ইউনিয়ন পর্যায় থেকে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা ঘটে। প্রতিযোগিতার প্রথম দিনে পাচুপুর ইউনিয়ন বনাম আহসানগঞ্জ ইউনিয়নের শিক্ষার্থী (ছেলে ও মেয়ে উভয় বিভাগ)-দের মধ্যে এক আকর্ষণীয় ও জমজমাট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সহ-সভাপতি মঞ্জুরুল আলম এবং উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক খোরশেদ আলমসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর এই অনন্য উদ্যোগকে সফল ও সার্থক করতে এবং গ্রামীণ ক্রীড়া অঙ্গনের মানোন্নয়নে আত্রাই উপজেলার বিপুল সংখ্যক ক্রীড়া অনুরাগী, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত থেকে গভীর উৎসাহ ও উদ্দীপনার সাথে অনুষ্ঠানটি উপভোগ করেন।



















