নওগাঁর আত্রাইয়ে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময়ঃ ০৭:৪৩:০৯ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / ৮ বার পড়া হয়েছে।

নওগাঁর আত্রাইয়ে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
মোঃ আব্দুস ছালাম , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে গণহত্যায় জড়িতদের দ্রুত বিচার, রায় কার্যকর এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে নওগাঁর আত্রাইয়ে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলার কর্মপরিষদ সদস্য মো. খবিরুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল এদেশের মানুষের অধিকার আদায়ের এক ঐতিহাসিক মাইলফলক। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয়ের ২য় বর্ষপূর্তিতে আমাদের প্রধান দাবি জুলাই গণহত্যার দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করা, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়ন করা।
আত্রাই উপজেলা জামায়াতের আমীর মোঃ তোজাম্মেল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. ওসমান গণি সহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। গণমিছিল মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের মাঠ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আত্রাই উপজেলা পরিষদ প্রধান ফটকের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয় । মিছিল ও সমাবেশে জামায়াতে ইসলামী ও এর অঙ্গ- সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশ নেন।




















