চারঘাটে পাঁচ মাদক মামলার আসামি গ্রেপ্তার, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সঃ ওসি মাহবুবুর রহমান
- আপডেট সময়ঃ ১০:৩২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / ৫ বার পড়া হয়েছে।

শাহিনুর রহমান সুজন,স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর চারঘাটে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে চারঘাট মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট পাঁচটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (০৬ আগস্ট) চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান-এর নেতৃত্বে একদল চৌকস পুলিশ সদস্য বিশেষ অভিযান পরিচালনা করে জিআর নং-১৯৫/২৫ (চারঘাট), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(খ) ধারার মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. সাহাবুদ্দীন ইসলাম ওরফে সুমন (৩৫)-কে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত সাহাবুদ্দীন ইসলামের পিতা মৃত গোলাম মজিদ এবং মাতা মোছা. কহিনুর বেওয়া। তাঁর বাড়ি চারঘাট উপজেলার ইউসুফপুর গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে।
এ বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন,চারঘাট উপজেলাকে মাদকমুক্ত রাখতে আমাদের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক ব্যবসায়ী, মাদক কারবারি কিংবা পরোয়ানাভুক্ত কোনো আসামির জন্য কোনো ধরনের ছাড় নেই। পুলিশের মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। সাধারণ মানুষের সহযোগিতায় আমরা চারঘাটে একটি নিরাপদ ও মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। ভবিষ্যতেও অপরাধ দমনে চারঘাট মডেল থানার বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



















