চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ষাঁড়ের মৃত্যু, গৃহবধূ আহত
- আপডেট সময়ঃ ০৮:৩৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- / ১ বার পড়া হয়েছে।

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর চারঘাট পৌরসভার ফকিরপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি ষাঁড় গরুর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ সময় গরুটির শরীরে স্পর্শ করলে গৃহবধূও বিদ্যুতায়িত হয়ে আহত হন।
জানা গেছে, চারঘাট পৌরসভার ফকিরপাড়া গ্রামের বাসিন্দা মো. কাবিল হোসেনের একটি কালো রঙের ষাঁড় গরু গোয়ালঘরে বাঁধা ছিল। ঘটনার সময় কাবিল হোসেন গরুর জন্য ঘাস কাটতে বাইরে যান। এ সুযোগে গোয়ালঘরে ঝুলানো বৈদ্যুতিক তার গরুটি মুখ দিয়ে কামড়ে ছিঁড়ে ফেলে। এতে সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হয়ে গোয়ালঘরেই গরুটির মৃত্যু হয়।
গরুর মালিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মাত্র দুই দিন আগে গরুটি প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছিল। হঠাৎ এমন ঘটনায় পরিবারটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে।
এদিকে গরুটির শরীরে স্পর্শ করলে কাবিল হোসেনের স্ত্রী মোছা. ফারজিনা বেগমও বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বসতবাড়ি ও গোয়ালঘরে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।


















