চারঘাটে প্রতিবন্ধী মাছ ব্যবসায়ীর আড়তে আগুন, একাধিকবার মারধরের অভিযোগ
- আপডেট সময়ঃ ০৮:৩২:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ১২ বার পড়া হয়েছে।

স্টাফ রিপোর্টারঃ
চারঘাট উপজেলার মুক্তারপুর এলাকায় এক শারীরিক প্রতিবন্ধী মাছ ব্যবসায়ীর আড়তে আগুন দেওয়া এবং তাকে একাধিকবার মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী চারঘাট মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী মুক্তারপুর এলাকার নুর মোহাম্মদের ছেলে মো. নাজিম (৪২)। তিনি একজন শারীরিক প্রতিবন্ধী এবং দীর্ঘদিন ধরে মুক্তারপুর বাজার সংলগ্ন এলাকায় মাছের ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছেন।
লিখিত অভিযোগে জানা যায়, অভিযুক্তরা হলেন—মো. হেলাল (৩২), মো. ইয়াদুল (১৯), মো. ডন (২০) ও মো. জুয়েল (৩৫)। তারা সবাই একই এলাকার বাসিন্দা।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, গত ১৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত আনুমানিক ৭টার দিকে ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে কথাকাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা তাকে মারধর করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে বলে তিনি দাবি করেন।
এছাড়া ২১ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে অভিযুক্তরা নেশাগ্রস্ত অবস্থায় তার মাছের আড়তে এসে গালিগালাজ ও হুমকি দেয়। পরবর্তীতে ওই রাতেই আনুমানিক সাড়ে ১১টার দিকে তার আড়তে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী।
অভিযোগে আরও বলা হয়, ২২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে আবারও তাকে মারধর করা হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা এবং বাম হাঁটুতে গুরুতর আঘাতের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী নাজিম জানান, ঘটনার পর থেকে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন ফারুকী বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



















