গোদাগাড়ীতে হেরোইন ও হেরোইন সদৃশ পাউডারসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময়ঃ ০৬:৫৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
- / ১৬৫ বার পড়া হয়েছে।

স্টাফ রিপোর্টার: মোঃ আতিকুর রহমান:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে হেরোইন ও হেরোইন সদৃশ পাউডারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
র্যাব-৫, রাজশাহী সিপিএসসি কোম্পানির কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজমুল হকের নেতৃত্বে পরিচালিত এ বিশেষ মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়।
অভিযান চলাকালে গোদাগাড়ী থানাধীন রাজাবাড়ী বাজার এলাকায়, রাজাবাড়ী ভূমি অফিসের সামনে পাকা সড়কের পাশ থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ১০০ গ্রাম হেরোইন এবং ১২০ গ্রাম হেরোইন সদৃশ পাউডার উদ্ধার করা হয়।
এ সময় একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়, যা মাদক পরিবহন ও যোগাযোগের কাজে ব্যবহৃত হচ্ছিল বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেফতারকৃত আসামি মোঃ হাবিবুল্লাহ (৩০), পিতা মৃত আব্দুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ জেলার হাকিমপুর এলাকার বাসিন্দা।
র্যাব সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গোদাগাড়ী থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
র্যাব-৫ জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে তারা সর্বাত্মকভাবে কাজ করে যাবে।



















