কৃষকের স্বপ্নের কাকরোল ক্ষেত রাতের আঁধারে কেটে সাবাড়, থানায় অভিযোগ
- আপডেট সময়ঃ ০১:৫১:১৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
- / ২৮ বার পড়া হয়েছে।

শাহিনুর আক্তার বেলাবো (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর বেলাবো উপজেলার চর উজিলাব ইউনিয়নের দেওয়ানেরচর গ্রামে পূর্বশত্রুতার জেরে এক কৃষকের কাকরোল ক্ষেত রাতের আঁধারে কেটে বিনষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক মো. আলাল উদ্দিন আফ্রাদ (৬৫) বেলাবো থানায় লিখিত অভিযোগ করেছেন। তাঁর দাবি, এতে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, দেওয়ানেরচর গ্রামের বাসিন্দা আলাল উদ্দিন আফ্রাদের সঙ্গে প্রতিবেশী আব্দুল রেজাক (৬৫), বশির মিয়া (২৫), রিদুল মিয়া (২২), মেরাজ মিয়া (২২) ও অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। অভিযোগে বলা হয়, অভিযুক্তরা বিভিন্ন সময় তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের নানাভাবে হয়রানি করতেন এবং অহেতুক ঝগড়া-বিবাদে জড়াতেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২৫ আগস্ট অভিযুক্তরা আলাল উদ্দিনের বসতবাড়ির সামনে গিয়ে গালিগালাজ করেন। এর প্রতিবাদ জানালে তাঁকে লাঠি ও কাঠের ডাসা দিয়ে মারধরের চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। একই দিন তাঁর ছেলে রিফাত আফ্রাদ (১৪) স্কুল থেকে বাড়ি ফেরার পথে মারধরের চেষ্টা ও হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
পরে বিষয়টি স্থানীয়ভাবে আপস-মীমাংসা হলেও বিরোধের অবসান হয়নি বলে দাবি করেন ভুক্তভোগী। এরই ধারাবাহিকতায় গত ৭ অক্টোবর দিবাগত রাতে দুর্বৃত্তরা তাঁর ২৬ দশমিক ২৫ শতাংশ জমিতে রোপণ করা কাকরোল ক্ষেতের ফসল কেটে বিনষ্ট করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক আলাল উদ্দিন আফ্রাদ বলেন, “আমার কষ্টার্জিত ফসল কেটে ফেলে আমাকে নিঃস্ব করে দেওয়া হয়েছে। আমি এ অন্যায়ের উপযুক্ত বিচার ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবি করছি।”
অভিযুক্ত প্রতিবেশী আব্দুল রেজাক বলেন, “তাদের সঙ্গে দরবার করে আমাদের যে ঝামেলা ছিল, তা মীমাংসা করেছি। এ বিষয়ে আমি কিছুই জানি না।”
এ বিষয়ে বেলাবো থানা পুলিশ জানায়, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




















