স্মার্ট কৃষির যুগে মোহনপুর: ‘খামারি’ অ্যাপের মাধ্যমে সুষম সার ব্যবহারে একাধিক উঠান বৈঠক অনুষ্ঠিত
- আপডেট সময়ঃ ০৯:০১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / ২৯ বার পড়া হয়েছে।

মোহনপুর (রাজশাহী): মোঃ নাসিরউদ্দিন
“বেশি সার ব্যবহার মানেই বেশি ফলন নয়, সুষম সার ব্যবহারেই কাঙ্ক্ষিত ফলন হয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর মোহনপুর উপজেলায় কৃষকদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর কৃষিচর্চায় উদ্বুদ্ধ করতে ধারাবাহিকভাবে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মোহনপুর-এর আয়োজনে এবং ‘ক্রপ জোনিং প্রজেক্ট (ডিএই পার্ট)’-এর আওতায় খরিফ-২/রবির আমন ও বোরো মৌসুমে ‘খামারি’ অ্যাপভিত্তিক সারের সঠিক মাত্রা নির্ধারণ ও ব্যবহারের লক্ষ্য নিয়ে এসব সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার গ্রামসমূহে স্থানীয় কৃষক-কৃষাণীদের উপস্থিতিতে এসব বৈঠকে প্রযুক্তিভিত্তিক কৃষি ব্যবস্থাপনার নানা দিক তুলে ধরা হয়।
যেসব এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে:
ধুরইল ইউনিয়ন: মজলিশবাড়ি ও কাশিমালা গ্রাম।
কেশরহাট পৌরসভা: নওগাঁ ও ধামিন নওগাঁ গ্রাম।
রায়ঘাঁটি ইউনিয়ন: বৃহৎ হাটরা ও ক্ষিদ্র হাটরা গ্রাম।
বাকশিমইল ইউনিয়ন: মোহনপুর গ্রাম।
ঘাসিগ্রাম ইউনিয়ন: মহিষকুন্ডি গ্রাম।
কৃষকদের ‘খামারি’ অ্যাপ ব্যবহার ও সচেতনতা:
কৃষি কর্মকর্তারা জানান, জমিতে অপরিকল্পিত ও অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের ফলে একদিকে মাটি তার স্বাভাবিক উর্বরতা হারাচ্ছে, অন্যদিকে কৃষকের উৎপাদন খরচ অনর্থক বৃদ্ধি পাচ্ছে। এই সমস্যার সমাধানে ‘খামারি’ অ্যাপের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোবাইল অ্যাপটির মাধ্যমে চাষিরা তাদের জমির অবস্থান ও ফসলের ধরণ অনুযায়ী ঠিক কতটুকু সারের প্রয়োজন, তা মুহূর্তেই নিখুঁতভাবে জানতে পারছেন।
বৈঠকগুলোতে সারের অপচয় রোধ, সঠিক সময়ে পরিমিত মাত্রায় সুষম সার প্রয়োগের নিয়মাবলি এবং অ্যাপটি ব্যবহারের সহজ পদ্ধতি হাতে-কলমে শিখিয়ে দেওয়া হয়।
উপস্থিত প্রান্তিক কৃষকেরা এই ধরণের উদ্যোগকে সময়োপযোগী আখ্যা দিয়ে জানান, প্রযুক্তির সঠিক ব্যবহারে সারের খরচ কমানোর পাশাপাশি তারা কাঙ্ক্ষিত ফলন পেতে আশাবাদী। সারের অপচয় রোধ ও পরিবেশবান্ধব স্মার্ট কৃষি ব্যবস্থা গড়ে তুলতে পরিমিত ও সুষম সার ব্যবহারের বিকল্প নেই।



















