সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর ভিডিও প্রচারের প্রতিবাদে দুর্গাপুরে শ্রমিক দল নেতার সংবাদ সম্মেলন
- আপডেট সময়ঃ ০৯:০৯:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
- / ১৮৯ বার পড়া হয়েছে।

হাসিবুর রহমান ও এমআর মানিকঃ
রাজশাহীর দুর্গাপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রচারিত একটি মিথ্যা ভিডিওর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের দুর্গাপুর পৌর শাখার সাধারণ সম্পাদক মোঃ রিপন। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে দুর্গাপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে রিপন জানান, গত ১৬ অক্টোবর স্থানীয় একটি ঘটনায় উদ্দেশ্যমূলকভাবে বিকৃত তথ্য দিয়ে একটি ভিডিও ধারণ করা হয়। পরে ১৭ অক্টোবর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে তাঁকে ও তাঁর দলকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়।
তিনি অভিযোগ করে বলেন, যুবদল নেতা মোঃ মানিক আলীর নেতৃত্বে একটি পক্ষ দীর্ঘদিন ধরে সায়বাড় এলাকার জমি সংক্রান্ত বিষয়ে ষড়যন্ত্র করে আসছে। ওইদিনও (১৬ অক্টোবর) একই উদ্দেশ্যে পরিকল্পিতভাবে উত্তেজনা সৃষ্টি করে ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
রিপন আরও জানান, এলাকায় জমি লেনদেন সংক্রান্ত বিষয়ে তাঁকে অন্যায়ভাবে জড়ানোর চেষ্টা চলছে। তিনি বলেন, “এই ভিডিওর মাধ্যমে আমাকে ও আমার সভাপতি আবুল কালাম আজাদকে মানহানি করা হয়েছে। এটি সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত।”
সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
উক্ত সংবাদ সম্মেলনে রিপন বলেন, “আমরা এই গুজব, মিথ্যা প্রচারণা ও মানবিক অবমাননার ঘটনার তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানায়।




















