শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৫৬ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ আটক
- আপডেট সময়ঃ ০১:৪৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / ১৯ বার পড়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৫৬ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ০৫ নভেম্বর ২০২৬ তারিখ ভোররাত আনুমানিক ৪:৩০ মিনিটের দিকে মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ সোনামসজিদ বিওপি থেকে একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। হাবিলদার মো. এনামুল হকের নেতৃত্বে পরিচালিত এই টহলদলটি সীমান্ত মেইন পিলার ১৮৯ থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের আইস উদ্দিনের আমবাগানে অভিযান চালায়।
অভিযানকালে চোরাকারবারীরা পালিয়ে গেলেও মালিকবিহীন অবস্থায় ৫৬ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল কাজী আল-আমিন অপু বলেন,”বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় মাদক ও সকল প্রকার চোরাচালান রোধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”



















