রাজশাহী-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী ইসফা খাইরুল হক শিমুলের মনোনয়ন বৈধ ঘোষণা
- আপডেট সময়ঃ ০৮:২৮:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / ৭৩ বার পড়া হয়েছে।

ডিপিডি, প্রতিবেদক
রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী ইসফা খাইরুল হক শিমুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে কমিশনের সিদ্ধান্তে তার মনোনয়ন বৈধতা ফিরে আসে। এর মধ্য দিয়ে রাজশাহী-৫ আসনের নির্বাচনী মাঠে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার অংশগ্রহণের পথ সুগম হলো।
এর আগে মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় এক শতাংশ সমর্থক ভোটারের স্বাক্ষর সংক্রান্ত ত্রুটির কারণে ইসফা খাইরুল হক শিমুলের মনোনয়নপত্র বাতিল করা হয়। ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। আপিল শুনানিতে প্রার্থীর পক্ষে দাখিল করা আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র পর্যালোচনা শেষে নির্বাচন কমিশন আপিল মঞ্জুর করে পূর্বের সিদ্ধান্ত বাতিল এবং মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
মনোনয়ন ফিরে পাওয়ার প্রতিক্রিয়ায় ইসফা খাইরুল হক শিমুল বলেন, “নির্বাচন কমিশনের ন্যায়সঙ্গত সিদ্ধান্তে আমরা সন্তুষ্ট। আইনানুগ প্রক্রিয়ায় ন্যায়বিচার পেয়েছি। এখন শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী মাঠে থেকে জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে চাই।” তিনি দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক পরিবেশে নির্বাচনী প্রচারণায় সক্রিয় থাকার আহ্বান জানান।
উল্লেখ্য, ইসফা খাইরুল হক শিমুল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পুঠিয়া উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য এবং সাবেক সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয়। রাজনৈতিক জীবনে তিনি সংগঠন গড়ে তোলা, তৃণমূল নেতাকর্মীদের পাশে থাকা এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার জন্য এলাকায় পরিচিত মুখ।
দলের দুঃসময়ে তিনি শত শত কারাবন্দি নেতাকর্মীর পাশে দাঁড়িয়ে তাদের পরিবারের খোঁজখবর নেওয়া, আইনি সহায়তা প্রদান এবং মুক্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে অগ্রণী ভূমিকা পালন করেছেন বলে স্থানীয় নেতাকর্মীরা জানান। এসব কারণে তৃণমূল পর্যায়ে তার গ্রহণযোগ্যতা ও জনসমর্থন দিন দিন বৃদ্ধি পেয়েছে।
স্থানীয় পর্যায়ে ব্যাপক জনসমর্থন থাকলেও দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রাথমিকভাবে এক শতাংশ সমর্থক স্বাক্ষরের ত্রুটিতে মনোনয়ন বাতিল হলেও আপিলের মাধ্যমে সেই বাধা কাটিয়ে তিনি আবারও নির্বাচনী মাঠে সক্রিয় হয়েছেন। ফলে রাজশাহী-৫ আসনের নির্বাচন ঘিরে ভোটের লড়াই আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আগ্রহব্যঞ্জক হয়ে উঠেছে।




















