রাজশাহীর ঐতিহ্যবাহী শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাক্তন ছাত্রী পুনর্মিলনী
- আপডেট সময়ঃ ০৬:৫৮:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / ২৩ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদকঃ
রাজশাহীর ঐতিহ্যবাহী শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীদের নিয়ে আগামী ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্রাক্তন ছাত্রী পুনর্মিলনী–২০২৬’। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ পুনর্মিলনী ঘিরে অনলাইন ও অফলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়েছে।
এসো মিলি শৈশবের বন্ধনে’ প্রতিপাদ্যে আয়োজিত এ পুনর্মিলনীর মাধ্যমে দীর্ঘদিন পর বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্রীদের একত্র করা, পুরোনো বন্ধুত্ব ও স্মৃতিকে নতুন করে উদযাপন এবং প্রিয় শিক্ষাঙ্গনের সঙ্গে সাবেক শিক্ষার্থীদের সম্পর্ক আরও সুদৃঢ় করাই আয়োজনের মূল লক্ষ্য।
১৯৭২ সালে প্রতিষ্ঠার পর বিদ্যালয়টিতে বিভিন্ন সময়ে অধ্যয়ন করা প্রাক্তন শিক্ষার্থীরা এ পুনর্মিলনীতে অংশ নেবেন। এতে বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্রী ছাড়াও বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষিকা এবং বিদ্যালয়ের শুভানুধ্যায়ীদের অংশগ্রহণের কথা রয়েছে।
আয়োজকরা জানান, বিদ্যালয়ের অনেক প্রাক্তন ছাত্রী বর্তমানে দেশের বিভিন্ন স্থানে এবং বিদেশে অবস্থান করছেন। দীর্ঘদিন যোগাযোগের বাইরে থাকা সহপাঠীদেরও পুনর্মিলনীর সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রত্যেক ব্যাচের প্রাক্তন ছাত্রীদের নিজ নিজ সহপাঠীদের সঙ্গে যোগাযোগ করে রেজিস্ট্রেশনে উৎসাহিত করার আহ্বান জানানো হয়েছে।
পুনর্মিলনী উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কর্মসূচি ও স্মারক সামগ্রী প্রস্তুতের পরিকল্পনা রয়েছে। রেজিস্ট্রেশনের সময় এসব আয়োজনের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, পুনর্মিলনীতে অংশ নিতে অনলাইন ও অফলাইন—দুই মাধ্যমেই রেজিস্ট্রেশনের সুযোগ রাখা হয়েছে। রেজিস্ট্রেশনের সময়সীমা ৫ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সব ব্যাচের প্রাক্তন ছাত্রীদের নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে আয়োজক কমিটি। একই সঙ্গে প্রত্যেক ব্যাচের ছাত্রীদের নিজ নিজ সহপাঠীদের খুঁজে বের করে পুনর্মিলনীর সঙ্গে যুক্ত করার অনুরোধ জানানো হয়েছে।
অনলাইন রেজিস্ট্রেশন: https://alumni.snhghs.edu.bd/
অফলাইন রেজিস্ট্রেশন: শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়, কক্ষ নং:১০৭
যোগাযোগ: 02588854512
ফেসবুক:https://www.facebook.com/share/1Eag21Tyt7/


















