রাজশাহীতে জুলাই স্মৃতিস্তম্ভে কটূক্তিমূলক ভিডিও ভাইরাল, তরুণী গ্রেপ্তার
- আপডেট সময়ঃ ০৯:২৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
- / ৩৯ বার পড়া হয়েছে।

রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে জুলাই আন্দোলন ও জুলাই যোদ্ধাদের নিয়ে কটূক্তিমূলক ভিডিও পোস্টের অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও কাঁকনহাট পুলিশ ফাঁড়ির যৌথ দল।
গ্রেপ্তারকৃত তরুণীর নাম শেখ মিফতা ফাইজা (১৯)। তিনি নাটোর সদর উপজেলার দিঘাপাতিয়া এলাকার মোশারফ হোসেন চপল শেখের মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি শেখ মিফতা ফাইজা রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড় সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে জুলাই আন্দোলন ও জুলাই যোদ্ধাদের নিয়ে অশ্রাব্য ভাষায় কটূক্তি করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রদর্শন করে “জয় বাংলা” স্লোগান দেন। পরে ওই ভিডিওটি তিনি নিজের ফেসবুক একাউন্টে রিল আকারে পোস্ট করেন। ভিডিওটি দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
তার ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যালোচনা করে পুলিশ জানায়, ফাইজা রাষ্ট্রের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত। এছাড়াও তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে বিভিন্ন পোস্ট, ছবি ও ভিডিও শেয়ার করতেন। টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপে তিনি একাধিক অনলাইন গ্রুপ পরিচালনা করতেন বলেও জানা গেছে।
এ ঘটনায় তানভির আহমেদ সুইট নামের এক ব্যক্তি গত ২৫ অক্টোবর রাজশাহী মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরে ডিবি পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করলেও ফাইজা পালিয়ে যান।
অবশেষে গত ২৭ অক্টোবর রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কাঁকনহাট পুলিশ ফাঁড়ির সহায়তায় পাকড়ী গোয়ালপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাইজা স্বীকার করেছেন যে, তিনি নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। এ ঘটনায় রাজপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা গ্রহণের প্রস্তুতি চলছে। পুলিশ জানায়, তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করে সাত দিনের রিমান্ড আবেদন করা হবে।




















