মোহনপুরে সার ডিলারদের গুদাম পরিদর্শন
- আপডেট সময়ঃ ০৯:২৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / ৩৫ বার পড়া হয়েছে।

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মোহনপুর উপজেলায় সার ব্যবস্থাপনা, সঠিক মজুত ও ডিলারদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য ৩টি বিসিআইসি এবং একটি বিএডিসির সার ডিলারের গুদাম পরিদর্শন করেছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব ও যুগ্মসচিব) রেজাউল আলম সরকার। পরিদর্শনকালে সারের কৃত্রিম সংকট রোধ, সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিতকরণ এবং গোডাউনে সঠিক পরিমাণে সারের মজুত আছে কি না তা যাঁচাই-বাছাই করা হয়। কৃষকদের মাঝে নিরবচ্ছিন্ন সার সরবরাহ বজায় রাখতে ডিলারদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কামরুল ইসলাম এবং সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তাগণ। পরিদর্শন শেষে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষকদের স্বার্থ রক্ষায় এবং সারের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।



















