বেলাবোতে ছায়ান গ্রামে প্রবাসী ও যুব মানবিক ফাউন্ডেশনের শুভ উদ্বোধন
- আপডেট সময়ঃ ০৮:৩৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / ১৯ বার পড়া হয়েছে।

শাহিনুর আক্তার (নরসিংদী) প্রতিনিধি :
“ব্যক্তিস্বার্থ ও রাজনীতিমুক্ত মানবিক ফাউন্ডেশন”—এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর বেলাবো উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের ছায়ান গ্রামে প্রবাসীদের উদ্যোগ ও অর্থনৈতিক সহযোগিতায় ‘ছায়ান প্রবাসী ও যুব মানবিক ফাউন্ডেশন’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছায়ান গ্রামের রাধাখালী বাজারে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। দীর্ঘদিন ধরে এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক উন্নয়ন এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রত্যয় থেকেই প্রবাসী ও স্থানীয় যুবকদের সম্মিলিত উদ্যোগে সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ আল-আমিন। তাঁর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও মানবিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইকতিয়ার হোসাইন কমল মাস্টার, সভাপতি, ছায়ান উচ্চ বিদ্যালয়; মোঃ সুরুজ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী, রাধাখালী বাজার এবং মোঃ মুর্শিদ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী, রাধাখালী বাজার।
সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি মোঃ রয়েল মিয়া, ম্যানেজার, গ্রামীণ ব্যাংক; সহ-সভাপতি মোঃ কামরুল ইসলাম, সৌদি আরব প্রবাসী; সাধারণ সম্পাদক মোঃ কাউছার মিয়া, সৌদি আরব প্রবাসী এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারুক মিয়া, সৌদি আরব প্রবাসী।
এছাড়া সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনী সিভিল; দপ্তর সম্পাদক মোঃ রাশেদ রায়হান; কোষাধ্যক্ষ মোঃ আক্তার হোসেন (আসিফ), সাবেক সভাপতি, চর ছায়েট পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আক্তারুজ্জামান দায়িত্ব পালন করছেন।
সংগঠনের সঙ্গে আরও যুক্ত রয়েছেন মোহাম্মদ শাহজালাল, সৌদি আরব প্রবাসী; মাহফুজুর রহমান, প্রবাসী, নাঈম প্রবাসী এবং শফিকুল ইসলাম (সবুর), সৌদি আরব প্রবাসী।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রবাসীদের আন্তরিক উদ্যোগ, সহযোগিতা ও অর্থনৈতিক অংশগ্রহণই সংগঠনটি প্রতিষ্ঠার অন্যতম প্রধান শক্তি। দেশের বাইরে থেকেও এলাকার মানুষের প্রতি দায়িত্ববোধ থেকে প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়ে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখার উদ্যোগ নিয়েছেন। তাঁদের সঙ্গে স্থানীয় যুবসমাজকে সম্পৃক্ত করে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলাই সংগঠনটির অন্যতম লক্ষ্য।
উদ্বোধন উপলক্ষে সংগঠনের উদ্যোগে মাহমুদিয়া হুসাইনিয়া সামাজিক কবরস্থান প্রাঙ্গণে পাঁচটি ফলজ গাছের চারা রোপণ করা হয়। কবরস্থানের পরিবেশ সুন্দর, সবুজ ও মনোরম রাখতে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। সংগঠনের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও সামাজিক কবরস্থানসহ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।
সংগঠনের সভাপতি মোঃ আল-আমিন বলেন, মানবিক মূল্যবোধকে সামনে রেখে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক উন্নয়ন, মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই সংগঠনের অন্যতম লক্ষ্য। প্রবাসীদের সহযোগিতা ও স্থানীয় যুবসমাজের সম্মিলিত প্রচেষ্টায় ব্যক্তিস্বার্থ ও রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থেকে মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে সংগঠনটি এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, দেশের বাইরে অবস্থান করেও ছায়ান গ্রামের প্রবাসীরা এলাকার মানুষের সুখ-দুঃখের অংশীদার হতে চান। তাঁদের সহযোগিতা ও উদ্যোগকে কাজে লাগিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার সামাজিক উন্নয়নে ভূমিকা রাখাই সংগঠনের মূল উদ্দেশ্য।
সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রবাসী ও স্থানীয় যুবসমাজের সম্মিলিত উদ্যোগে ‘ছায়ান প্রবাসী ও যুব মানবিক ফাউন্ডেশন’ ভবিষ্যতে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করবে। সংগঠনের সফলতার জন্য তাঁরা সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।



















