বাগমারায় বিএনপিতে যোগদানের প্রচারণা ‘মিথ্যাচার’: জামায়াতের প্রতিবাদ
- আপডেট সময়ঃ ০৭:১৬:০৫ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / ১৪৪ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় জামায়াতে ইসলামী কর্মীর বিএনপিতে যোগদানের দাবি নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে “চরম মিথ্যাচার” আখ্যা দিয়ে স্থানীয় জামায়াত নেতা মো. ইয়াকুব আলী প্রেস বিজ্ঞপ্তি দিয়ে প্রতিবাদ জানিয়েছেন।
১২ নম্বর ঝিকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. ইয়াকুব আলী জানান, ১১ নভেম্বর রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে উপজেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী-৪ (বাগমারা) আসনের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া এক বয়স্ক ব্যক্তিকে জামায়াতের কর্মী পরিচয় দিয়ে বিএনপিতে যোগদানের ঘোষণা দেন।
ইয়াকুব আলীর দাবি, ভিডিওতে যাকে দেখানো হয়েছে তার নাম আব্দুল হামিদ, পিতা মৃত সোলাইমান আলী, তিনি ঝিকড়া ইউনিয়নের ঝাড়গ্রাম দক্ষিণ দেওয়ানপাড়ার বাসিন্দা। উক্ত ব্যক্তি জামায়াতে ইসলামী বা এর কোনো অঙ্গসংগঠনের সঙ্গে কখনও সম্পৃক্ত ছিলেন না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অতীতে আব্দুল হামিদ স্থানীয় মসজিদ কমিটিতে দায়িত্বে থেকে আর্থিক অনিয়মের অভিযোগে সমাজ থেকে বহিষ্কৃত হন এবং ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আবুল কালাম আজাদের পক্ষে প্রচারণায় অংশ নেন।
ইয়াকুব আলী বলেন, “জামায়াতের সঙ্গে সম্পৃক্ত নন এমন একজন ব্যক্তিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াত কর্মী আখ্যা দিয়ে বিএনপিতে যোগদানের প্রচারণা চালানো রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি সংশ্লিষ্টদের ভবিষ্যতে এমন মিথ্যাচার ও বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানান।



















