দুর্গাপুরে ৯২ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা, নজরুল প্রতিযোগিতায় পুরস্কার পেল ১৬৩ জন
- আপডেট সময়ঃ ০৭:১৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- / ২৯ বার পড়া হয়েছে।

মোঃ হাসিবুর রহমান
ডিপিডি প্রতিবেদক
রাজশাহীর দুর্গাপুরে এসএসসি ও দাখিল পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী ৯২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সংগীতের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করার লক্ষ্যে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে আয়োজিত নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মুক্তমঞ্চে পৃথক দুটি ব্যানারে একই মঞ্চে দুটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মহিদুল ইসলাম এবং লোকমান আলীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক নজরুল ইসলাম।
অনুষ্ঠানে এসএসসি ও দাখিল পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী ৯২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে আয়োজিত নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতার ৫৫টি ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ১৬৩ জনকে পুরস্কৃত করা হয়। দুটি আয়োজনের মধ্য দিয়ে একদিকে শিক্ষার্থীদের শিক্ষাগত সাফল্যের স্বীকৃতি দেওয়া হয়, অন্যদিকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ ও সৃজনশীল প্রতিভা বিকাশে উৎসাহিত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নজরুল ইসলাম বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের মেধা ও মননের বিকাশ ঘটানোর পাশাপাশি নৈতিক শিক্ষা, দেশপ্রেম এবং মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে হবে। শিক্ষার্থীদের সাফল্যের যথাযথ স্বীকৃতি দেওয়ার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ তৈরি করা প্রয়োজন। এতে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে এবং ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার সক্ষমতা বাড়বে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভিন লাবনী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তারজিনা খাতুন, উপজেলা প্রকৌশলী রায়হানুল আলম, জেলা বিএনপির সদস্য মোঃ সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এম আকবর আলী বাবলু, মোঃ আশরাফুল কবির বুলু, মোঃ গোলাম সাকলায়েন, মোঃ রুস্তম আলী মোল্লা, উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ কামরুজ্জামান আয়নাল, সদস্যসচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, উপজেলা বিএনপির সদস্য মোঃ আজাদ রেজাউল করিম, জার্জিস হোসেন সোহেল, গোলাম মর্তুজা, জিয়াউল হক রতন,মোঃ রবিউল ইসলাম খান রবিন ও আবু বক্কর সিদ্দিক।
এ ছাড়া উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুল আজিজ মন্ডল, মোঃ বজলুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক হাসানুজ্জামান লাল্টু, সদস্যসচিব মোঃ রেজাউল করিম স্বপন, সদস্য আখতারুজ্জামান লাভলু, কাঁঠালবাড়িয়া আবুল কাশেম স্কুল এ্যান্ড কলেজের সভাপতি মোঃ মাহবুর রহমান, নওপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মেহেদী হাসান মিলন, হাটকানপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ বাবলু সরকার, ৪ নম্বর দেলুয়াবাড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আজাদ আলী সরদার এবং বিএনপি নেতা মোঃ শহিদুল ইসলামসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংগীতের মধ্যে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী চেতনার অনন্য প্রকাশ রয়েছে। নতুন প্রজন্মের মধ্যে এসব মূল্যবোধ ছড়িয়ে দিতে নজরুলের জীবন ও কর্মচর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি কবির সৃষ্টিকর্মের প্রতি আগ্রহ বাড়ানো সম্ভব। একইভাবে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে।
দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




















