তানোরে স্বচ্ছতার ভিত্তিতে ৯ জন সার ডিলার নিয়োগ
- আপডেট সময়ঃ ০২:০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
- / ২৯ বার পড়া হয়েছে।

আলিফ হোসেন,তানোরঃ
সারা দেশের ন্যায় রাজশাহীর তানোরে রাসায়নিক সারের বাজার নিয়ন্ত্রণ,বিতরণ ব্যবস্থা আরো গতিশীল ও স্বচ্ছ করতে স্বচ্ছতার ভিত্তিতে নতুন করে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) আরো ৯ জন সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। চলতি বছরের ৭ অক্টোবর কৃষি মন্ত্রণালয় থেকে এ তালিকা প্রকাশ করা হয়।
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ডিলার নিয়োগ সংক্রান্ত তথ্যের বিষয়টি শনিবার (১০ অক্টোবর) নিশ্চিত হওয়া গেছে। সরকারের সংশোধিত সার নীতিমালার আলোকে এবং উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির যাচাই-বাছাই শেষে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কৃষকদের দোরগোড়ায় সঠিক সময়ে নায্যে মূল্যে এবং কোনো ধরনের সিন্ডিকেট ছাড়াই সার পৌঁছে দিতে নতুন ডিলারদের দায়িত্ব দেওয়া হয়েছে।প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে সারের সুষম বন্টন নিশ্চিত করতে সরকারের নির্দেশনা অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
উপজেলার দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে ৯ জন মনোনীত নতুন সার ডিলার ও প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়েছে। এরা হলেন- তানোর পৌর এলাকার জন্য মেসার্স মন্ডল এন্টার প্রাইজ স্বত্ত্বাধিকারী এমদাদুল হক মন্ডল। তিনি তানোর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ও তানোর পৌর যুবদলের আহবায়ক। তার ব্যবসা প্রতিষ্ঠানের স্থান দেখানো হয়েছে তানোর সদরের থানা মোড়।
মুন্ডুমালা পৌর এলাকায় মনোনীত হয়েছেন মেসার্স বন্ধন এন্টার প্রাইজ স্বত্ত্বাধিকারী ফরহাদ কবির। তিনি মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সম্পাদক ও বিএনপির দলীয় মেয়র প্রার্থী ফিরোজ কবিরের ভাই। তার ব্যবসা প্রতিষ্ঠানের স্থান দেখানো হয়েছে মুন্ডুমালা বাজার। কলমা ইউনিয়নে (ইউপি) সার ডিলার মনোনীত হয়েছেন মেসার্স তান্স এন্টার প্রাইজ স্বত্বাধিকারী তানভীর আহমেদ। তিনি জেলা বিএনপির সাবেক সভাপতি ও তানোর উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত শীষ মোহাম্মাদের পুত্র। তার ব্যবসা প্রতিষ্ঠানের স্থান দেখানো হয়েছে কলমা বাজার।
পাঁচন্দর ইউনিয়নে (ইউপি) সার ডিলার মনোনীত হয়েছেন মেসার্স অহনা ট্রেডার্স স্বত্বাধিকারী মোসা. উম্মুল মোমেনিন খান। তিনি তানোর উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মোর্তুজার স্ত্রী। তার ব্যবসা প্রতিষ্ঠানের স্থান দেয়া হয়েছে মোহাম্মদপুর বাজার। সরনজাই ইউনিয়নে (ইউপি) সার ডিলার মনোনীত হয়েছেন মেসার্স শাহনেওয়াজ ট্রেডার্স স্বত্বাধিকারী মোঃ শাহনেওয়াজ। তিনি সরনজাই ইউনিয়ন(ইউপি)বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমানের পুত্র। তার ব্যবসা প্রতিষ্ঠানের স্থান দেখানো হয়েছে সরনজাই সরকারপাড়া বাজার। চাঁন্দুড়িয়া ইউনিয়নে (ইউপি) সার ডিলার মনোনীত হয়েছেন মেসার্স হাজী ট্রেডার্স স্বত্বাধিকারী. আলাউদ্দিন। তিনি ওই এলাকার ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউপি মেম্বার। তার ব্যবসা প্রতিষ্ঠানের স্থান দেখানো হয়েছে এক্তারপুর মোড়।
বাধাইড় ইউনিয়নে (ইউপি) সার ডিলার মনোনীত হয়েছেন মেসার্স মর্জিনা এন্টার প্রাইজ স্বত্বাধিকারী সিদ্দিকা তামান্না। তিনি তানোর উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মামুনুর অর রশিদের স্ত্রী। তার ব্যবসা প্রতিষ্ঠানের স্থান দেয়া হয়েছে তেলোপাড়া।
কামারগাঁ ইউনিয়নে (ইউপি) সার ডিলার মনোনীত হয়েছেন মেসার্স রাদিয়া এগ্রো স্বত্বাধিকারীরা শরিফ উদ্দিন মুন্সী। তিনি তানোর উপজেলা যুবদলের সদস্য সচিব। তার ব্যবসা প্রতিষ্ঠানের স্থান দেখানো হয়েছে মাদারীপুর বাজার। তালন্দ ইউনিয়নে (ইউপি) সার ডিলার মনোনীত হয়েছেন মেসার্স বিসমিল্লাহ এন্টার প্রাইজ স্বত্বাধিকারী. ওমর ফারুক। তিনি তানোর উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নানের পুত্র। তার ব্যবসা প্রতিষ্ঠানের স্থান দেয়া হয়েছে দেবীপুর মোড়।
জানা গেছে, এসব নতুন নিয়োগপ্রাপ্ত সার ডিলারদের সবাই সরাসরি সার ব্যবসার সঙ্গে জড়িত নয়। তবে, নতুন নিয়মে স্বচ্ছতা বজায় রাখতে ডিলারদের পর্যাপ্ত গুদামজাতকরণ ক্ষমতা এবং প্রয়োজনীয় ব্যাংক সচ্ছলতার বিষয়টি কঠোরভাবে যাচাই করা হয়েছে। রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে প্রকৃত ব্যবসায়ীদের এই ডিলারশিপ দেওয়া হয়েছে, যা স্থানীয় কৃষকদের সার সংকট থেকে মুক্তি দেবে এবং কৃষি উৎপাদনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে কৃষি বিভাগ দাবি করেছে। উপজেলায় ইতোপুর্বে বিসিআইসির ৯ জন ও বিএডিসির ১৭ জন সার ডিলার নিয়োগ রয়েছে।
এ বিষয়ে তানোর উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান বলেন, নতুন নিয়োগপ্রাপ্ত ডিলারেরা দ্রুতই চুক্তিপত্র সম্পাদন করে নিজ নিজ এলাকায় সার উত্তোলন ও সরকার নির্ধারিত মূল্যে খুচরা বিক্রেতা ও কৃষকদের মাঝে বিতরণ শুরু করবেন। স্থানীয় কৃষকেরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে এর ফলে আসন্ন মৌসুমে সারের কোনো কৃত্রিম সংকট তৈরি হবে না। তিনি আরও বলেন, বিভিন্ন সময়ে সার বিতরণে অনিয়ম, কৃত্রিম সংকট তৈরি ও চড়া মূল্যে সার বিক্রির অভিযোগ ওঠায় এই বড় পরিবর্তন আনা হয়েছে। নতুন মনোনীত ডিলারদের সরকারি নিয়মনীতি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।




















