চাঁপাইনবাবগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময়ঃ ০৮:৩১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / ২৩ বার পড়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
“উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজমাইন মাহাতাব। সভায় মূল বিষয় উপস্থাপন করেন চাঁপাইনবাবগঞ্জ বিসিকের সহকারী মহাব্যবস্থাপক মো. সাজিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মিনহাজুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ, জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল মতিন, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জুনিয়র মনিটরিং অ্যান্ড রিপোর্টিং স্পেশালিস্ট মো. জহুরুল ইসলাম, বিসিকের সম্প্রসারণ কর্মকর্তা ও শিল্পনগরী কর্মকর্তা (অ.দা.) মোহা: আব্দুল রহিমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও পেশাজীবী এবং চাঁপাইনবাবগঞ্জ সকল উদ্যোক্তা প্রতিনিধিরা। আলোচনায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে উৎপাদনশীলতা বাড়ানোর বিকল্প নেই। এজন্য উদ্ভাবন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। সভায় বিসিকের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলা হয়, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উন্নয়নে বিসিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির সঠিক ব্যবহার, পণ্যের মান নিয়ন্ত্রণ, আধুনিক প্যাকেজিং এবং ব্যবসা ব্যবস্থাপনার বিষয়ে উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত প্রশিক্ষণের আয়োজন করা হয়। পাশাপাশি সহজ শর্তে ঋণ এবং বিসিক শিল্পনগরীতে প্লট বরাদ্দের মাধ্যমে উদ্যোক্তাদের উৎপাদন কার্যক্রম সম্প্রসারণে সহযোগিতা করা হচ্ছে। বক্তারা আরও বলেন, বিসিকের ই-মার্কেটের মাধ্যমে উদ্যোক্তারা ঘরে বসেই পণ্য বিপণনের সুযোগ পাচ্ছেন। একটি পণ্যের বাজারসফলতা অনেকাংশে নির্ভর করে পণ্যের মান, মূল্য, নকশা, ক্রেতার চাহিদা এবং বাজার ব্যবস্থাপনার ওপর। নতুন প্রযুক্তির ব্যবহার উৎপাদন ব্যয় ও অপচয় কমানোর পাশাপাশি পণ্যের মান উন্নত করতে সহায়তা করে। আলোচনায় বলা হয়, “উদ্ভাবন পথ দেখাবে, প্রযুক্তি গতি দেবে, দক্ষতা ফলাফল নিশ্চিত করবে।” তাই পরিবর্তনশীল বাজারের সঙ্গে তাল মিলিয়ে উদ্যোক্তাদের নতুন নতুন পণ্য, নকশা ও কার্যকর সমাধান নিয়ে কাজ করতে হবে। সভায় বক্তারা উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে উদ্ভাবন ও নতুন প্রযুক্তিকে গ্রহণ, দক্ষতা উন্নয়ন এবং পণ্যের মান নিশ্চিত করার আহ্বান জানান। তারা সম্মিলিত প্রচেষ্টায় দেশের উৎপাদনশীলতা ও অর্থনীতিকে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।


















