গোদাগাড়ী রিসিকুল ইউনিয়নে খাল খনন কাজের উদ্বোধন
- আপডেট সময়ঃ ০৮:১৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
- / ৪৫ বার পড়া হয়েছে।

স্টাফ রিপোর্টার:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ঋষিকুল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভানপুর এলাকায় খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে খাল পুনঃখননের এই উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়েছেন।
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশক্রমে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। উদ্বোধন উপলক্ষে এলাকায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমিমন্ত্রী বলেন, খাল পুনঃখননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা দূর হবে, কৃষি উৎপাদন বাড়বে এবং স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। তিনি আরও বলেন, সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও কৃষি সহায়ক প্রকল্প বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব মেজর জেনারেল শরিফ উদ্দিন। এছাড়াও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসাদ আসিফ উপস্থিত ছিলেন।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি এবং বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, খাল খননের ফলে কৃষি সেচ ব্যবস্থার উন্নয়ন হবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে কমে আসবে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় কৃষিকাজ ও পানি নিষ্কাশনে নানা সমস্যা দেখা দিচ্ছিল। খাল খননের এই উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকার কৃষক ও সাধারণ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশা প্রকাশ করেন।



















