২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ
- আপডেট সময়ঃ ০৭:০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / ৩০ বার পড়া হয়েছে।

মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত আমির প্রিন্সিপাল মাসুদুর রহমান গিয়াস বলেছেন, আওয়ামী লীগ মূলত কোনো রাজনৈতিক দল নয়; এটি একটি সন্ত্রাসী বাহিনী। তারা প্রকাশ্যে ঘোষণা দিয়ে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যা করেছে। অবিলম্বে লগি-বৈঠার মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করতে হবে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের বন্দর থানার মদনপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির প্রিন্সিপাল মাসুদুর রহমান গিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য মুফতি জাহাঙ্গীর আলম, দেওয়ান খোরশেদ আলম, মাওলানা খোরশেদ আলম ফারুকী, মাওলানা আরিফুর রহমান ও মাওলানা ইবরাহীম হাসান প্রমুখ।
এ সময় মাসুদুর রহমান গিয়াস তাঁর বক্তব্যে আরও বলেন, কোনো সভ্য মানুষ এভাবে ঘোষণা দিয়ে লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যা করতে পারে না। তারা নিজেদের নেতাকর্মীদের রক্তপিপাসু বাহিনী হিসেবে গড়ে তুলে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। অবিলম্বে তাদের বিচারের আওতায় এনে জাতির সামনে এমন দৃষ্টান্ত স্থাপন করতে হবে।
জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা মানুষ হত্যা করে সেই লাশের ওপর নৃত্য করেছিল। এমন কাজ কোনো মানুষ করতে পারে না। তাঁর ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগ একটি হিংস্র হায়েনার চরিত্র নিয়ে আবির্ভূত হয়েছিল। লগি-বৈঠার মাধ্যমে তারা গণতন্ত্রের স্বাভাবিক যাত্রাপথকে ভিন্ন দিকে প্রবাহিত করেছিল। এর ধারাবাহিকতায় দীর্ঘ ১৭ বছর দেশে ফ্যাসিবাদী দুঃশাসন কায়েম ছিল। বাংলাদেশের মানুষ আর ফ্যাসিবাদী দুঃশাসনের দিকে ফিরে যেতে চায় না।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে মদনপুর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে একই স্থানে ২০০৬ সালের ২৮ অক্টোবরের ভয়াবহতার ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।



















