বেলাবোতে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও কম্পিউটার প্রশিক্ষণের শুভ উদ্বোধন
- আপডেট সময়ঃ ০৮:২৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / ২৪ বার পড়া হয়েছে।

শাহিনুর আক্তার বেলাবো (নরসিংদী) প্রতিনিধি :
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর বেলাবোতে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে যুব র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) বেলাবো উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, বেলাবো, নরসিংদীর আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলাবো উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাসুদুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব লাইলাতুল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক, বেলাবো প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল হক, সাংস্কৃতিক সম্পাদক জুয়েল মিয়া ও সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবুল হোসেনসহ সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সহিবুর রহমান।
জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে যুবকদের আত্মকর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে যুব ঋণ বিতরণ করা হয়। পাশাপাশি যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। কম্পিউটার প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন মুস্তাক আহমেদ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণরা নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এজন্য যুবদের প্রশিক্ষণ, ঋণ সহায়তা ও আত্মকর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
জাতীয় যুব দিবসের এসব কর্মসূচির মাধ্যমে বেলাবো উপজেলার যুবসমাজকে দক্ষ, কর্মমুখী ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
পরিশেষে যুব উন্নয়নের ৬ জন আত্মকর্মীকে এক লাখ টাকা করে ঋণ প্রদান করা হয়।














