বাগমারার সৈয়দপুরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান জরিমানা
- আপডেট সময়ঃ ০৮:০২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / ১৭৯ বার পড়া হয়েছে।

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নে অবৈধভাবে পুকুর খনন ও মাটি বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২৬) দুপুর ১২টা থেকে বিকেল ২টা পর্যন্ত শুভডাঙ্গা ইউনিয়নের সৈয়দপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে অনুমোদনবিহীনভাবে পুকুর খননের অপরাধে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়।
পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় তাদের মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
এছাড়াও পুকুর খননের কাজে ব্যবহৃত একটি ভেকু (এক্সকাভেটর) মেশিন ঘটনাস্থলেই অকেজো করে দেওয়া হয়।
অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁঞা। অভিযান শেষে সাংবাদিকদের জানান, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।




















