বাগমারায় ২৬ মাস ১৩ দিন পর দায়িত্বে ফিরলেন অধ্যক্ষ হাতেম আলী
- আপডেট সময়ঃ ০২:১৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / ২৩ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলী দীর্ঘ ২৬ মাস ১৩ দিন পর পুনরায় দায়িত্বভার গ্রহণ করেছেন। নানা নাটকীয়তা, অভিযোগ-পাল্টা অভিযোগ এবং প্রশাসনিক জটিলতা পেরিয়ে অবশেষে নিজ পদে ফিরলেন তিনি।
জানা গেছে, ২০২৪ সালের ২১ আগস্ট কলেজে এক অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে অধ্যক্ষ হাতেম আলীকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। এরপর থেকে তিনি দায়িত্বের বাইরে ছিলেন। এ সময়ে কয়েক দফায় দায়িত্ব ফিরে পাওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তর থেকে চিঠি পেলেও অদৃশ্য কারণে তিনি কলেজে যোগদান করতে পারেননি।
অবশেষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের ১৩ অক্টোবর ২০২৬ তারিখের নির্দেশনার পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় অভিযোগের দায় থেকে অব্যাহতি প্রদান এবং কলেজের দায়িত্ব পালনের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। গত ২৯ অক্টোবর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এ-সংক্রান্ত চিঠি জারি করা হয়। সেই নির্দেশনার আলোকে ২৬ মাস ১৩ দিন পর পুনরায় অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করেন হাতেম আলী।
অধ্যক্ষের অনুপস্থিতিতে দীর্ঘ এই সময়ে কলেজটির পরিচালনার রুটিন দায়িত্ব পালন করেন তিনজন শিক্ষক। তাঁরা হলেন আব্দুস সাত্তার সরদার, রমজান আলী ও বেলাল হোসেন। পর্যায়ক্রমে তাঁদের ওপর প্রতিষ্ঠানের দায়িত্ব ন্যস্ত ছিল।
দীর্ঘ সময় পর অধ্যক্ষের স্বপদে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে কলেজের শিক্ষক-কর্মচারী ও সংশ্লিষ্ট মহলে আলোচনা তৈরি হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনার মধ্য দিয়ে তাঁর দায়িত্বে ফেরার বিষয়টি নিষ্পত্তি হওয়ায় কলেজের প্রশাসনিক কার্যক্রমে স্বাভাবিকতা ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এ ব্যাপারে অধ্যক্ষ হাতেম আলী বলেন, মব সৃষ্টি করে আমাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। পরে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় আমাকে দায়িত্ব প্রদান করা হয়। এখন থেকে আবারও কলেজের সুনাম অক্ষুন্ন রেখে সকল শিক্ষকদের সহযোগিতায় লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাব।























