বাগমারায় সাঁকোয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে প্রার্থিতা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- আপডেট সময়ঃ ০৬:৩০:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / ৩৭ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার সাঁকোয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে প্রার্থী হওয়াকে কেন্দ্র করে নিজের বিরুদ্ধে অপপ্রচার ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ইকবাল হোসেন প্রাং।
শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় সিকদারী বাজারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্যে ইকবাল হোসেন বলেন, তিনি সাঁকোয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে প্রার্থী হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র বিদ্যালয়ে জমা দিয়েছেন। তার পক্ষে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-১৩-এর সংসদ সদস্য মাহমুদা হাবীবা ডিও লেটার প্রদান করেছেন বলে তিনি জানান।
তিনি অভিযোগ করেন, অতীতে আওয়ামী পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট কতিপয় স্বার্থান্বেষী মহল তাকে সভাপতি হওয়া থেকে বিরত রাখতে এবং হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে। ওই সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ ও বক্তব্যের প্রতিবাদ জানাতেই তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।
লিখিত বক্তব্যে ইকবাল হোসেন প্রাং দাবি করেন, ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নকালে তিনি ছাত্রদলের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী আদর্শে রাজনীতি করে আসছেন।
তিনি আরও বলেন, ২৬ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে চাঁদা আদায় ও আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক মতাদর্শসম্পন্ন থাকার অভিযোগ তোলা হয়েছে। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।
ইকবাল হোসেন প্রাং বলেন, তিনি তার বিরুদ্ধে উত্থাপিত প্রতিটি অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। প্রয়োজনে অভিযোগকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে বলে তিনি জানান।
তিনি দাবি করেন, রাজনৈতিক জীবনে তিনি দলের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। দলীয় প্রয়োজনে বাড়ি থেকে দূরে থেকেছেন এবং বিভিন্ন সময় রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সাঁকোয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র হিসেবে তিনি এবার বিদ্যালয়ের সভাপতি পদে প্রার্থী হয়েছেন। কিন্তু তার প্রার্থিতাকে কেন্দ্র করে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে এবং তার সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।
তিনি বলেন, গত দিনের সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাকে ও আমার সম্মানহানি করার অপচেষ্টা চালানো হয়েছে। পাশাপাশি মাননীয় সংসদ সদস্য মাহমুদা হাবীবার নামেও কিছু বক্তব্য দেওয়া হয়েছে, যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
অন্যদিকে তিনি তার বিরুদ্ধে প্রকাশিত ও প্রচারিত সকল মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।
বক্তব্য রাখেন মারিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসলাম আলী, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক বয়েন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাফাতুল্লাহ উল্লাহ, আশরাফ প্রামানিক, মফিজুল ইসলাম, মজিবুর রহমান, মাসুদ রানা, মতিউর রহমান প্রমুখ।



















