বাগমারায় মাইক্রোবাস, জিপগাড়ী ও কার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালন
- আপডেট সময়ঃ ১২:২৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
- / ১০০ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
“দুনিয়ার মজদুর এক হও” স্লোগানে রাজশাহীর বাগমারা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান মে দিবস-২০২৬ পালিত হয়েছে। বাগমারা উপজেলা মাইক্রোবাস, জিপগাড়ী ও কার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দিনটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শুক্রবার সকালে শ্রমিকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও ঐক্যের বার্তা তুলে ধরা হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী জেলা মাইক্রোবাস, জিপগাড়ী ও কার শ্রমিক ইউনিয়ন এর অন্তর্ভুক্ত বাগমারা শাখার আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত ও বর্তমান কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন সভাপতি মামুনুর রশিদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ। উপস্থিত ছিলেন, সহ-সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, প্রচার সম্পাদক হালিমুজ্জামান (হিমু) এবং কোষাধ্যক্ষ মিনহাজুল ইসলাম (রবিন)সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, কর্মক্ষেত্রে নিরাপত্তা জোরদার এবং শ্রমিকদের মধ্যে পারস্পরিক ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়।
অনুষ্ঠানে ইউনিয়নের সাধারণ সদস্য ও স্থানীয় শ্রমিক নেতারা অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন। দিনটি উদযাপন উপলক্ষে শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।



















