বাগমারায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
- আপডেট সময়ঃ ০২:২৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- / ১২৩ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
বর্ণিল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে রাজশাহীর বাগমারা উপজেলায় উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩।
নববর্ষকে বরণ করে নিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বের করা হয় এক আনন্দঘন বৈশাখী শোভাযাত্রা।
মঙ্গলবার (১লা বৈশাখ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের হাতে ছিল বৈশাখের ঐতিহ্যবাহী রঙিন ফেস্টুন, মুখোশ ও নানা আলংকারিক উপকরণ, যা শোভাযাত্রাকে করে তোলে প্রাণবন্ত ও দৃষ্টিনন্দন। বিশেষ করে গ্রামীন ঐতিহ্যকে তুলে ধরা ছিল এই শোভাযাত্রা ভিন্ন আকর্ষণ।
শোভাযাত্রায় স্কুল শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তারা একসাথে ব্যানার হাতে নিয়ে “এসো হে বৈশাখ” স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা। এ সময় নানা বয়সী মানুষ ঐতিহ্যবাহী পোশাকে অংশ নিয়ে বাঙালির সংস্কৃতির প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমানসহ বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন।
এ উপলক্ষে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। একই সঙ্গে বাঙালির ঐতিহ্যবাহী পহেলা বৈশাখ উপলক্ষে পান্তা উৎসবে মেতে ওঠেন প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সুধীবৃন্দ।
অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানো হয়। কর্মকর্তারা জানান, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরাই তাদের মূল লক্ষ্য।




















