নওগাঁর আত্রাইয়ে ১০ দিনব্যাপী কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন
- আপডেট সময়ঃ ০৮:১১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / ৩৮ বার পড়া হয়েছে।

আব্দুস ছালাম , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে ১০ দিনব্যাপী কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (৮ অক্টোবর) মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ হলরুমে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে আত্রাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ খুশি খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের অধ্যক্ষ রায়হানুল কবীর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক ফিরোজ আলী, আনসার কমান্ডার এবং ইউনিয়ন দলনেতা ও দলনেত্রীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান বলেন, যুবসমাজকে দক্ষ, সুশৃঙ্খল ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে আনসার ও ভিডিপির মৌলিক প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের এই প্রশিক্ষণের আওতায় নিয়ে আসার উদ্যোগ প্রশংসনীয়।
অর্জিত জ্ঞান ও শৃঙ্খলা শিক্ষার্থীরা তাদের ব্যক্তিগত জীবনের পাশাপাশি সমাজ বিনির্মাণেও কাজে লাগাবে বলে আমার বিশ্বাস। সামাজিক দায়িত্ববোধ থেকে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণের মতো মহৎ উদ্যোগগুলো আমাদের পরিবেশ রক্ষায় বড় ভূমিকা রাখবে।
সভাপতির সমাপনী বক্তব্যে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব খুশি খাতুন বলেন, দক্ষ মানবসম্পদ গঠন এবং সমাজসেবামূলক কাজে তরুণদের অংশগ্রহণ বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য। সফলভাবে প্রশিক্ষণ শেষ করায় আমি সকল প্রশিক্ষণার্থীকে অভিনন্দন জানাই। প্রশিক্ষণার্থীরা আগামী দিনে সমাজ ও রাষ্ট্রের নিরাপত্তাসহ বিভিন্ন সেবামূলক কাজে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করি।
অনুষ্ঠান শেষে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী ৮০ জন প্রশিক্ষণার্থীর হাতে আনুষ্ঠানিক সনদপত্র তুলে দেওয়ার পাশাপাশি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার ব্যক্তিগত উদ্যোগে সকল প্রশিক্ষণার্থীর মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে। সমাপনী পর্বের অংশ হিসেবে কলেজ প্রাঙ্গণে ১০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এছাড়া প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কলেজ প্রাঙ্গণে একটি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের এমন ব্যতিক্রমী ও সামাজিক উদ্যোগকে কলেজ কর্তৃপক্ষ এবং প্রশিক্ষণার্থীরা সাধুবাদ জানান। একই সাথে ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম চলমান রাখার বিনীত অনুরোধ জানান তাঁরা।



















