চুরি করা মোটরসাইকেল নিয়ে দোকানে চুরি করতে গিয়ে পালাল চোর, পরে মিলল মালিকের সন্ধান
- আপডেট সময়ঃ ১১:০২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় চুরি করা মোটরসাইকেল নিয়ে দোকানে চুরির চেষ্টা করতে গিয়ে এলাকাবাসীর ধাওয়ায় একটি গাড়ি ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পরে ঘটনাস্থলে ফেলে যাওয়া মোটরসাইকেলটির মালিকের সন্ধান পাওয়া গেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোর রাত আনুমানিক ৪টার দিকে উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চাইসারা কালিতলা মোড়ে আকবরের দোকানে চুরির চেষ্টা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। কয়েকজন ব্যক্তি দুটি গাড়ি নিয়ে সেখানে আসেন। এ সময় পানবরজে পান ভাঙতে যাওয়ার পথে কয়েকজন এলাকাবাসী বিষয়টি দেখতে পান। তারা চোরদের ধাওয়া করলে অভিযুক্তরা পালানোর চেষ্টা করে। একপর্যায়ে একটি মোটরসাইকেল ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়। অন্য গাড়িটি নিয়ে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়।
পরে ঘটনাস্থলে ফেলে যাওয়া মোটরসাইকেলটির মালিকের সন্ধান পাওয়া যায়। মোটরসাইকেলটির মালিক বাগমারা উপজেলার গণিপুর ইউনিয়নের চকমহব্বতপুর গ্রামের দেলশাদ আলী। তার ছেলে আব্দুল ওয়াহেদ মোটরসাইকেলটি ব্যবহার করতেন।
জানা গেছে, শুক্রবার রাতে আব্দুল ওয়াহেদ গ্রামের ২৫ থেকে ৩০ জন যুবকের সঙ্গে বাসুপাড়া ইউনিয়নের জ্যোতীনগঞ্জ বাজারে বেহুলা-লখিন্দরের গান শুনতে যান। সেখান থেকেই তার ব্যবহৃত মোটরসাইকেলটি হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও সেটির সন্ধান পাওয়া যায়নি। পরে চাইসারা কালিতলা মোড়ে চুরির চেষ্টার সময় ফেলে যাওয়া মোটরসাইকেলটি তার বলে শনাক্ত করা হয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মোটরসাইকেলটি কীভাবে চোরদের হাতে গেল এবং দোকানে চুরির চেষ্টার সঙ্গে জড়িতরা কারা, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে মোটরসাইকেলের প্রকৃত মালিক দোদ আলীর ছেলে আব্দুল ওয়াহেদ জানান, আমরা রাতে গান শুনতে গিয়েছিলাম সেখান থেকে মোটরসাইকেল হারিয়ে গেছে। অনেক খোঁজাখুরি করেও সেটা উদ্ধার করতে পারেনি। আমরা যতজন গিয়েছিলাম সবাই জানে বিষয়টি। চুরি করে এসে গাড়ি নিয়ে চোর দোকানেও চুরি করে। পরে সাংবাদিকের মাধ্যমে জানতে পারি আমাদের গাড়ির সন্ধান।
এ ঘটনায় হাট গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রবিউল ইসলাম জানান, খবর পেয়েছি সেখানে এক দোকান চুরি হয়েছে চুরি করতে আসা মোটরসাইকেল রেখে তারা পালিয়ে গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



















