গোদাগাড়ীর কৃতি সন্তান সাবেক আইজিপি ড. এম এনামুল হক আর নেই কাল জানাজা ও দাফন
- আপডেট সময়ঃ ০৬:২৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / ২২ বার পড়া হয়েছে।

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:
বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও বাংলাদেশ আইন কমিশনের সাবেক সদস্য ড. এম এনামুল হক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ রোববার (৩০ আগস্ট) ফজরের সময় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি গোদাগাড়ী পৌরসভার কেল্লাবারুইপাড়া নিবাসী মরহুম ফাহিম উদ্দিন মাস্টার ও আনোয়ারা খাতুন দম্পতির জ্যেষ্ঠ সন্তান।
মরহুমের পরিবার সূত্রে জানা গেছে, আগামীকাল সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায় আ.ফ.জি. পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে ডাইংপাড়া ফাজিলপুর গোরস্থানে পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে তাঁকে দাফন করা হবে।
মরহুম ড. এম এনামুল হক ১৯৬৪ সালে পুলিশ ক্যাডারে যোগদানের মাধ্যমে তাঁর পেশাগত জীবন শুরু করেন। কর্মজীবনে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এবং ১৯৯১ থেকে ১৯৯২ সাল পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ আইন কমিশনের সদস্য হিসেবে নিষ্ঠার সঙ্গে সেবা দেন।
মরহুমের জানাজা ও দাফন কার্যক্রমে অংশগ্রহণ করে তাঁকে শেষ বিদায় জানাতে আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের প্রতি শোকসন্তপ্ত পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।
তাঁকে হারিয়ে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।



















