রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- আপডেট সময়ঃ ১০:৩৬:৫০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / ২২ বার পড়া হয়েছে।

মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ১৮৪ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার তারাবো পৌরসভার বরাবো এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার প্রাকপুর এলাকার মৃত কুতব উদ্দিনের ছেলে বিল্লাল হোসেন (৫৫) এবং চাঁদপুর জেলার মতলব থানার কলাকান্দা এলাকার তাজুল ইসলামের ছেলে রাসেল (৩৫)। তারা বর্তমানে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরাবো এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্যের একটি চালান বরাবো এলাকায় মজুত ও বিক্রির প্রস্তুতি নেওয়া হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১৮৪ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম সালাউদ্দিনের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।
রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন আহমেদ বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মাদকদ্রব্যসহ যেকোনো ধরনের অপরাধ দমনে রূপগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



















