বেলাবোতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর শুভ উদ্বোধন, আলোচনা ও পুরস্কার বিতরণ
- আপডেট সময়ঃ ০৭:২৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / ২১ বার পড়া হয়েছে।

শাহিনুর আক্তার নরসিংদী প্রতিনিধি:
“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর বেলাবোতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) বিকেল ৩টায় বেলাবো উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান খান।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার খালেক মাস্টার, বেলাবো উপজেলা মৎস্য দপ্তরের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট বাবুল মিয়া, বেলাবো প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নিলু, সাধারণ সম্পাদক আমিনুল হকসহ বিভিন্ন ইউনিয়নের মৎস্যচাষি ও মৎস্যজীবীরা।
সভায় বক্তারা বলেন, সফলভাবে মৎস্য চাষের জন্য পুকুর প্রস্তুতি, মানসম্মত পোনা নির্বাচন, সুষম খাদ্য প্রয়োগ এবং নিয়মিত পানি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্য চাষের মাধ্যমে স্বল্প খরচে অধিক লাভবান হওয়া সম্ভব। দেশের অর্থনীতি ও পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তারা উল্লেখ করেন।
বক্তারা মৎস্যচাষিদের আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণ কাজে লাগিয়ে আরও বেশি মৎস্য উৎপাদনের আহ্বান জানান।
আলোচনা সভা শেষে দীর্ঘদিন ধরে মৎস্য চাষে অবদান রাখা মৎস্যচাষিদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানিয়ে অতিথিরা তাদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় বেলাবো উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, মৎস্য বিভাগের কর্মকর্তারা, সাংবাদিক, মৎস্যচাষি, মৎস্যজীবী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সম্মানিত নাগরিকরা উপস্থিত ছিলেন।



















