নওগাঁর আত্রাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় পরিবেশ সুরক্ষায় বিভিন্ন মসজিদে ফলদ বৃক্ষের চারা বিতরণ
- আপডেট সময়ঃ ০৬:৪৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / ১৩ বার পড়া হয়েছে।

মোঃ আব্দুস ছালাম , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রাঙ্গণকে সবুজায়নের লক্ষ্যে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নওগাঁ জেলা প্রশাসন ও আত্রাই উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে এ চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মনিরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আত্রাই উপজেলার সকল মসজিদের প্রতিনিধির মাঝে বিভিন্ন বনজ ও ফলদ বৃক্ষের চারা তুলে দেওয়া হয়। সভাপতির বক্তব্যে ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সৌন্দর্য বর্ধনে বৃক্ষরোপণের
কোনো বিকল্প নেই। প্রতিটি মসজিদের আঙিনায় ফলদ ও ঔষধি গাছ রোপণ করা হলে তা পরিবেশের পাশাপাশি স্থানীয় মানুষের জন্য সুফল বয়ে আনবে। একই সাথে গাছের সঠিক বৃদ্ধি নিশ্চিত করতে সংশ্লিষ্ট মসজিদ কমিটি ও স্থানীয়দের যত্নশীল হওয়ার তাগিদ দেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম- সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. খোরশেদ আলম, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন মসজিদের প্রতিনিধিগণ।



















