মহাদেবপুরে সরকারি লিজকৃত জমি দখলের অভিযোগ তুলে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
- আপডেট সময়ঃ ০৭:৫৫:০৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ১৬ বার পড়া হয়েছে।

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুর উপজেলার শিকারপুর মৌজায় সরকারি লিজ নেওয়া ১ দশমিক ৯২ একর খাসজমি জোরপূর্বক দখল ও ধান রোপণের অভিযোগ উঠেছে প্রভাবশালী মো. হামিদ হোসেন ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী লিজগ্রহীতারা আজ এক সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিকভাবে অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯৮৬ সালে সরকারি নিয়ম মেনে স্থানীয় বাসিন্দা মাসুদ রানা ও আরও তিনজন ওই ১.৯২ একর খাসজমি লিজ নেন। সেই থেকে তাঁরা নিয়মিত সরকারি খাজনা পরিশোধ করে জমিটি ভোগদখল ও চাষাবাদ করে আসছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, গত শনিবার রাতে মো. হামিদ হোসেনের নেতৃত্বে একদল লোক ওই জমিতে ট্রাক্টর নিয়ে প্রবেশ করে জমি চাষ করে এবং পরে সেখানে ধানের চারা রোপণ করে দখলের চেষ্টা চালায়। এতে বাধা দিতে গেলে লিজগ্রহীতাদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে মাসুদ রানা বলেন, “আমরা ১৯৮৬ সাল থেকে সরকারি সব নিয়ম মেনে খাজনা পরিশোধ করে জমিটিতে চাষাবাদ করে আসছি। হঠাৎ করে হামিদ হোসেন দলবল নিয়ে এসে ট্রাক্টর দিয়ে আমাদের আবাদি জমি চাষ করে জোরপূর্বক ধান রোপণ করে দেন। আমরা বাধা দিতে গেলে নানা ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।”
লিজগ্রহীতারা আরও জানান, দীর্ঘ প্রায় চার দশক ধরে তারা বৈধভাবে জমিটি ভোগদখল করে আসছেন এবং নিয়মিত খাজনাও পরিশোধ করছেন। এ অবস্থায় হঠাৎ করে দখলচেষ্টার ঘটনায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা প্রশাসনের প্রতি দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়ে বলেন, সরকারি লিজের কাগজপত্র যাচাই করে জমির দখল ও মালিকানা-সংক্রান্ত বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।
এ বিষয়ে অভিযুক্ত মো. হামিদ হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।


















