রোহিঙ্গাদের আইনি সহায়তায় বাংলাদেশ পুলিশের ভূমিকার প্রশংসা; আইজিপির সঙ্গে আইসিআরসি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- আপডেট সময়ঃ ০৯:৫১:১২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / ২ বার পড়া হয়েছে।

স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের সঙ্গে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস (আইসিআরসি)-এর তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (৩ আগস্ট) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ পুলিশ ও আইসিআরসির চলমান সহযোগিতা, মানবিক কার্যক্রম এবং পুলিশ সদস্যদের সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
আইসিআরসির হেড অব ডেলিগেশন নিকোলাস ফ্লুরির নেতৃত্বে প্রতিনিধিদলটি আইজিপির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পসমূহে আইনশৃঙ্খলা রক্ষা, মানবিক সহায়তা কার্যক্রমে সমন্বয় এবং রোহিঙ্গাদের আইনি সহায়তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও দায়িত্বশীল ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী মানবাধিকার, আন্তর্জাতিক মানবিক আইন, ফার্স্ট এইড এবং অন্যান্য পেশাগত দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের মাধ্যমে জনগণের আস্থা বৃদ্ধিতে আইসিআরসি ভবিষ্যতেও বাংলাদেশ পুলিশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।
এ সময় আইজিপি মোঃ আলী হোসেন ফকির বাংলাদেশ পুলিশের প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়ন কার্যক্রমে আইসিআরসির দীর্ঘদিনের সহযোগিতার প্রশংসা করেন। তিনি জাতীয় দুর্যোগ মোকাবিলা, জরুরি মানবিক সহায়তা এবং সংকটকালীন পরিস্থিতিতে পুলিশ সদস্যদের দক্ষতা আরও বাড়াতে আইসিআরসির সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
আইজিপি মোঃ আলী হোসেন ফকির বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক মূল্যবোধ সমুন্নত রেখে দায়িত্ব পালনই বাংলাদেশ পুলিশের অঙ্গীকার। আধুনিক ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে আইসিআরসির সহযোগিতা আমাদের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ভবিষ্যতেও এ সহযোগিতা আরও বিস্তৃত হবে বলে আমরা আশা করি।
বৈঠকে উভয় পক্ষ মানবাধিকার সুরক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, মানবিক সহায়তা এবং পেশাগত দক্ষতা উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন। পাশাপাশি বাংলাদেশ পুলিশ ও আইসিআরসির বিদ্যমান সহযোগিতামূলক সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সাক্ষাৎকালে পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


















