দুর্গাপুরে জুলাই শহীদ দিবস ২০২৬ পালিত: শহীদদের আত্মত্যাগের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়
- আপডেট সময়ঃ ০৫:৩২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / ৯ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদক:
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, স্মৃতিচারণ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাদের আদর্শ ধারণের মাধ্যমে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা। সভায় জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধারা আন্দোলনের স্মৃতিবিজড়িত নানা মুহূর্ত তুলে ধরে সে সময়কার দমন-পীড়ন ও নির্মমতার অভিজ্ঞতা বর্ণনা করেন। তারা শহীদ পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। একই সঙ্গে ভবিষ্যতে যেন কোনো নাগরিক বৈষম্য, নিপীড়ন বা অন্যায়ের শিকার না হন, সে লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই আন্দোলনের শহীদরা দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাদের এই আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। শহীদদের আদর্শকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে একটি মানবিক, গণমুখী, বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শ্রী পঞ্চনন্দ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস. এম. শামীম আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ রুহুল আমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ.ন.ম. রাকিবুল ইউসুফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সারমিন শাপলা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ রুহুল মোছাদ্দেক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আনিসুর রহমান, রাজশাহী জেলা বিএনপির সদস্য মোঃ সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম সাকলায়েন ও আশরাফুল কবির বুলু, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব অধ্যাপক যুবায়েদ হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু, সদস্য সচিব রেজাউল করিম স্বপন, উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুল হান্নানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠান শেষে জুলাই আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন দুর্গাপুর উপজেলা মডেল মসজিদের ইমাম মোঃ আল-আমিন।














