গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভূমি সেবা সহজীকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময়ঃ ০৪:৩৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
- / ৬ বার পড়া হয়েছে।

স্টাফ রিপোর্টার:আতিকুর রহমান
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের ভূমি সংক্রান্ত সেবা প্রাপ্তির সহজ অভিগম্যতা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন, ভূমি বিভাগ ও স্থানীয় প্রতিনিধিদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন ২০২৬) উপজেলা প্রশাসন সভাকক্ষে সিসিবিভিও’র আয়োজনে এবং জার্মানভিত্তিক উন্নয়ন সংস্থা ব্রেড ফর দি ওয়ার্ল্ড-এর সহায়তায় “ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি” এর আওতায় এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামসুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিসিবিভিও’র ঊর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা মো. নিরাবুল ইসলাম।
সভায় সিসিবিভিও’র পক্ষে কী-নোট উপস্থাপন করেন সহ-সমন্বয়কারী মো. শাহাবুদ্দিন। এতে উপজেলা সমাজসেবা অফিসার মোহা. আব্দুল মানিক, রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন, মনিল মারান্ডী, নন্দলাল টুডু, রঞ্জিত রায়, রুবেল মুর্মু, জুলিতা মুর্মু, মারিয়া হেম্ব্রম, বাপ্পি মার্ডী, ধনাই সরেনসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, উপজেলা গ্রাম আদালত প্রকল্পের সমন্বয়কারী মো. আতিকুল ইসলাম এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা, খতিয়ান, নামজারি, খাস জমি ও ভূমি অফিসের সেবা গ্রহণে বিদ্যমান প্রতিবন্ধকতা নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ সময় উপস্থিত কর্মকর্তারা সেবাগ্রহীতাদের প্রশ্নের উত্তর দেন এবং সমস্যার সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মো. শামসুল ইসলাম বলেন, ভূমি সংক্রান্ত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের যেকোনো সমস্যা দ্রুত সমাধানে ভূমি বিভাগ সর্বোচ্চ সহযোগিতা করবে।
সমাপনী বক্তব্যে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান বলেন, “আমরা সবাই এ দেশের নাগরিক। সংবিধান অনুযায়ী প্রত্যেক মানুষের সমান অধিকার রয়েছে। ভূমি অফিস থেকে সেবা গ্রহণে কোনো ধরনের সমস্যা হলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করবেন। খাস পুকুর গ্রামভিত্তিক লিজ প্রদানের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।”
সভায় বক্তারা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের ভূমি অধিকার সুরক্ষা, সরকারি সেবায় সহজ প্রবেশাধিকার নিশ্চিতকরণ এবং প্রশাসনের সঙ্গে নিয়মিত সংলাপ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। অংশগ্রহণকারীরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও জনবান্ধব উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় সভা আয়োজনের আহ্বান জানান।













