দুর্গাপুরে ইউনিয়ন ভূমি অফিসের জানালার থাইগ্লাস কেটে দুর্ধর্ষ চুরি
- আপডেট সময়ঃ ০৯:২৩:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
- / ৫ বার পড়া হয়েছে।

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুর উপজেলার সিংগাহাট ইউনিয়ন ভূমি (তহসীল) অফিসে জানালার থাইগ্লাস কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ঈদুল আজহার ছুটির সুযোগে সংঘটিত এ ঘটনায় অফিসের গুরুত্বপূর্ণ কম্পিউটার যন্ত্রাংশসহ বিভিন্ন মালামাল খোয়া গেছে।
জানা গেছে, গত ২৪ মে ঈদের ছুটিতে অফিস বন্ধ করে কর্মচারীরা চলে যান। দীর্ঘ ছুটি শেষে সোমবার (১ জুন) সকালে অফিস খুলতে গিয়ে কর্মচারীরা দেখতে পান, জানালার থাইগ্লাস কাটা এবং ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় রয়েছে। এ সময় কম্পিউটারের মনিটর ভাঙা অবস্থায় পাওয়া যায় এবং কম্পিউটারের র্যাম, প্রসেসর, সিডিএসডি কার্ড ও ওয়াইফাই রাউটারসহ অন্যান্য মালামাল চুরি হয়ে গেছে।
সিংগাহাট ইউনিয়ন ভূমি অফিসের তহসীলদার নরশাদ আলী জানান, ঈদের ছুটিতে অফিস বন্ধ থাকার সুযোগে দুর্বৃত্তরা জানালার থাইগ্লাস কেটে ভেতরে প্রবেশ করে। তারা অফিসের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ খুলে নিয়ে গেছে এবং ভেতরে তছনছ চালিয়েছে।
ঘটনার পর দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। নিরাপত্তা জোরদারের দাবী জানিয়েছে এলাকাবাসী।









