বদলগাছীতে ভ্যানচালক মিঠু হত্যা: আসামী রিফাত ঢাকায় গ্রেপ্তার
- আপডেট সময়ঃ ০৫:৫২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- / ৪৫ বার পড়া হয়েছে।

রাজু ইসলাম, বদলগাছী উপজেলা প্রতিনিধি
নওগাঁর বদলগাছীতে মিঠু হোসেন (৪৩) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে মো. রিফাত হোসেনকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ জানায়, গত ৯ এপ্রিল রাতে বদলগাছী থানার আধাইপুর ইউনিয়নের জিয়া শিমুলিয়া এলাকায় অজ্ঞাত পরিচয়ের রক্তাক্ত একটি লাশ উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় লাশটির পরিচয় শনাক্ত করা হয়। নিহত মিঠু হোসেন বদলগাছী উপজেলার বৈকুণ্ঠপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে। তার শরীরের ডান কাঁধের নিচে, ঘাড় ও পিঠে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন ছিল।এ ঘটনায় বদলগাছী থানায় একটি হত্যা মামলা করা হয়। ঘটনার পর নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তা, গোপন সংবাদের ভিত্তিতে এবং ঢাকার আশুলিয়া থানার সহযোগিতায় অভিযান চালিয়ে ১৪ এপ্রিল ভোরে কুড়গা এলাকা থেকে রিফাতকে গ্রেপ্তার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিফাত পুলিশকে জানান, ঘটনার রাতে তিনি ও মিঠু একই ভ্যানে করে যাচ্ছিলেন। মিঠু ভ্যান চালাচ্ছিলেন এবং রিফাত পেছনে বসা ছিলেন। পূর্বের বিরোধের জেরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রিফাত মিঠুকে ভ্যান থেকে ফেলে দিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যান।পরে তিনি বদলগাছী থেকে নওগাঁ হয়ে রাজশাহী এবং সেখান থেকে ঢাকায় গিয়ে আত্মগোপন করেন বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, তাকে নওগাঁ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, দ্রুত সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হয়েছে। অপরাধ দমন ও ঘটনার তদন্তে জেলা পুলিশ তৎপর রয়েছে।




















