মান্দায় পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ দাবিতে সংসদে ডাঃ ইকরামুল বারী টিপু, মিলেছে আশ্বাস…
- আপডেট সময়ঃ ০২:৩৪:৫১ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / ৪৬৩ বার পড়া হয়েছে।

মান্দা প্রতিনিধি:
৮ এপ্রিল (বুধবার) মহান জাতীয় সংসদে নওগাঁ জেলায় উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
পরিসংখ্যানে জানা যায়, বর্তমানে এ জেলায় প্রায় ৪,৫০০ জন এবং শুধুমাত্র মান্দা উপজেলায় প্রায় ৪৫০-৫০০ জন পল্লী চিকিৎসক রয়েছেন, যাদের অধিকাংশই প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণবিহীন।
স্থানীয় পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানে পল্লী চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও যথাযথ প্রশিক্ষণের অভাবে সেবার মান ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ বাস্তবতায় মান্দা উপজেলায় একটি স্থায়ী প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের জোরালো দাবি জানিয়েছেন ৪৯ নওগাঁ, মান্দা ৪, আসনের সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু।
সংসদে প্রশ্ন উত্তর পর্বে ডাঃ টিপু বলেন, “পল্লী চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি করা গেলে গ্রামীণ জনগোষ্ঠী আরও নিরাপদ ও কার্যকর স্বাস্থ্যসেবা পাবে। ”
এ বিষয়ে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ইতিবাচক মনোভাব ব্যক্ত করে বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন।
সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে, দ্রুত সময়ের মধ্যেই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ বাস্তবায়িত হবে এবং এর মাধ্যমে গ্রামীণ স্বাস্থ্যসেবায় গুণগত পরিবর্তন আসবে।




















