বাগমারায় অবৈধভাবে মজুদ তেল উদ্ধার
- আপডেট সময়ঃ ০৯:৩৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / ২৮৩ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ দানগাছী এলাকায় এক ব্যবসায়ীর দোকান থেকে বিপুল পরিমাণ পেট্রোল ও ডিজেল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে বাগমারা থানার ডিএসবির (ডিস্ট্রিক্ট স্পেশাল ব্রাঞ্চ) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ তেল জব্দ করা হয়।
পুলিশ জানায়, দানগাছি গ্রামের ময়েজ উদ্দিন মার্কেটে ঝিকরা নামকান গ্রামের ব্যবসায়ী আব্দুস সাত্তার (৪৫) এর দোকানে অভিযান চালিয়ে প্রায় ৪০০ লিটার পেট্রোল ও ১০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। যার পরিমাণ ২৩ জারকিন।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, আব্দুস সাত্তার কসমেটিক ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রি করে আসছিলেন। এলাকায় তেলের সংকট থাকলেও তার কাছে বেশি দামে সহজেই পেট্রোল পাওয়া যেত বলে অভিযোগ রয়েছে।
ডিএসবি সূত্র আরও জানায়, ভোরে মোটরসাইকেলের তেল বিক্রির সময় তাকে নজরদারির আওতায় আনা হয় এবং পরে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ তেল উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে গোপনে তেল ব্যবসার তথ্যের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, “মজুদকৃত তেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।”
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা অবৈধ মজুদদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।



















