ঈদের আনন্দে বাগমারার মিনি ঘুঘুডাঙ্গায় জমজমাট হাডুডু খেলা
- আপডেট সময়ঃ ০৬:১১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
- / ৬৬ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার মিনি ঘুঘুডাঙ্গায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অনুষ্ঠিত হলো গ্রামীণ ঐতিহ্যের অন্যতম জনপ্রিয় খেলা—হাডুডু। স্থানীয় নন্দনপুর জাতীয় তরুণ সংঘ ক্লাবের আয়োজনে প্রতিবছরের মতো এবারও জমে ওঠে এই প্রাণবন্ত আয়োজন।
ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করতে একদিনের এই আয়োজনকে ঘিরে সকাল থেকেই ভিড় জমাতে থাকেন বিভিন্ন বয়সী মানুষ। মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। দুই দলের খেলোয়াড়দের দম ধরে আক্রমণ-প্রতিরক্ষা আর দর্শকদের উচ্ছ্বাসে জমে ওঠে প্রতিটি মুহূর্ত।
আয়োজকরা জানান, আধুনিক প্রযুক্তির যুগে গ্রামীণ খেলাধুলা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তরুণ প্রজন্মকে হাডুডু খেলার সঙ্গে পরিচিত করা এবং গ্রামীণ সংস্কৃতি ধরে রাখতেই তাদের এই উদ্যোগ।
খেলায় অংশগ্রহণকারী দুই দলের জন্য কমিটির পক্ষ থেকে রাখা হয় আকর্ষণীয় পুরস্কার, যা খেলোয়াড়দের উৎসাহ আরও বাড়িয়ে দেয়।
প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মিনি ঘুঘুডাঙ্গা এই আয়োজনকে দিয়েছে ভিন্ন মাত্রা। রাস্তার দুই পাশে সারি সারি তালগাছ আর সবুজে ঘেরা পরিবেশে দর্শনার্থীদের জন্য তৈরি হয় এক মনোরম আবহ। অনেকে পরিবার-পরিজন নিয়ে এসে উপভোগ করেন এই গ্রামীণ খেলা।
স্থানীয়রা জানান, প্রতিবছর ঈদে এই হাডুডু খেলা তাদের আনন্দের অন্যতম উৎস হয়ে উঠেছে। ভবিষ্যতেও এই আয়োজন আরও বড় পরিসরে করার প্রত্যাশা তাদের।
একদিনের এই আয়োজনে শত শত দর্শকের উপস্থিতিতে মিনি ঘুঘুডাঙ্গা পরিণত হয় এক প্রাণের মেলায়।



















