বাগমারায় শিক্ষক কল্যাণ সমিতির চেক বিতরণ
- আপডেট সময়ঃ ০৬:৪২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৬ বার পড়া হয়েছে।

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:
শিক্ষকতার মহান পেশায় দীর্ঘদিনের অবদান শেষে অবসর নেওয়া শিক্ষক ও কর্মচারীদের সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান করেছে বাগমারা উপজেলা শিক্ষক কল্যাণ সমিতি। এ উপলক্ষে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা শিক্ষক সমিতির কার্যালয়ে এক আন্তরিক ও মর্যাদাপূর্ণ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমিতির সভাপতি আসাদুল ইসলাম সান্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মজনু মহাম্মাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ-সভাপতি ও সৈয়দা ময়েজ উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও কাচারী কোয়ালীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. সালাম, সাংগঠনিক সম্পাদক ও গাঙ্গোপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম,চানপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা, চান্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউসুফ আলী মোল্লাহ, মীরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তারসহ সমিতির নেতৃবৃন্দ। এ সময় সমিতির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর সময়কালে অবসর গ্রহণকারী সমিতির সদস্যভুক্ত মোট ২৪ জন শিক্ষক ও কর্মচারীর মাঝে চেক বিতরণ করা হয়। এর মধ্যে প্রধান শিক্ষক ২ জন, সহকারী প্রধান শিক্ষক ১ জন, সহকারী শিক্ষক ১৬ জন, অফিস সহকারী ১ জন এবং চতুর্থ শ্রেণির কর্মচারী ৪ জন রয়েছেন। তাঁদের মাঝে সর্বমোট ২২ লাখ ৪০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
বক্তারা বলেন, অবসর-পরবর্তী সময়ে শিক্ষকদের পাশে দাঁড়াতে এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সমিতির তহবিল থেকে প্রদত্ত এই আর্থিক সহায়তা অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য একদিকে যেমন সম্মাননার প্রতীক, অন্যদিকে তেমনি আর্থিক স্বস্তিরও উৎস। তারা আরও বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর—তাদের জীবনের শেষ প্রান্তে সম্মান ও সহায়তা নিশ্চিত করা সমাজের নৈতিক দায়িত্ব।
উল্লেখ্য, শিক্ষক ও কর্মচারীদের নিয়মিত বার্ষিক চাঁদার অর্থে গড়ে ওঠা এ কল্যাণ সমিতি দীর্ঘদিন ধরে সদস্যদের কল্যাণে কাজ করে আসছে। ভবিষ্যতেও সদস্যদের পাশে থেকে কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।



















