দুর্গাপুরে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল পুলিশ
- আপডেট সময়ঃ ১১:৫৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- / ১৪৮ বার পড়া হয়েছে।

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুরে হারানো একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে দুর্গাপুর থানা পুলিশ।
শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় দুর্গাপুর থানার এএসআই মো. আলমগীর হোসেন উদ্ধারকৃত মোবাইলটি মালিক সাব্বির হোসেনের হাতে তুলে দেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট উপজেলার বহরমপুর এলাকায় সাব্বির হোসেনের ব্যবহৃত একটি মোবাইল ফোন হারিয়ে যায়। এ ঘটনায় তিনি দুর্গাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৫৯১) করেন। জিডির পর মোবাইল উদ্ধারের দায়িত্ব পান এএসআই আলমগীর হোসেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইলটির অবস্থান শনাক্ত করে পরবর্তীতে অভিযান চালিয়ে ফোনটি উদ্ধার করা হয়।
এএসআই আলমগীর হোসেন বলেন, বর্তমানে হারানো মোবাইল উদ্ধারে বাংলাদেশ পুলিশ অনেক বেশি তৎপর। আমরা সর্বোচ্চ চেষ্টা করি হারানো ফোনগুলো উদ্ধারের জন্য। তবে সব ক্ষেত্রে সফল হওয়া সম্ভব না হলেও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি।
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “পুলিশ জনগণের সেবায় সর্বদা নিয়োজিত। হারানো মালামাল উদ্ধারে আমরা নিয়মিত কাজ করছি। সাধারণ মানুষ যাতে নিরাপদ বোধ করে, সে লক্ষ্যে দুর্গাপুর থানা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে।”
হারানো মোবাইল ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করে সাব্বির হোসেন বলেন, ফোনটি ফিরে পাব, তা ভাবিনি। কোনো প্রকার উৎকোচ ছাড়াই মোবাইলটি হাতে পেয়েছি—এটাই সবচেয়ে আনন্দের। পুলিশের এ ধরনের কাজ মানুষের মধ্যে ইতিবাচক ধারণা তৈরি করছে বলেও তিনি মন্তব্য করেন।



















