ফরিদপুরে শিশুদের জন্য সাঁতার শেখার নতুন স্বপ্ন
- আপডেট সময়ঃ ০১:৫৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
- / ২৩৫ বার পড়া হয়েছে।

আব্দুল মতিন মুন্সী, স্টাফ রিপোর্টার
শিশুদের সাঁতার শেখার মাধ্যমে পানিতে নিরাপত্তা নিশ্চিত ও শারীরিক বিকাশে সহায়তা করতে একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে বোয়ালমারী মুসলিম মিডিয়া ক্লাব।
আজ শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার আল হেলাল কমপ্লেক্সের সামনে অবস্থিত অর্গানিক মাছের পুকুরে শিশুদের সাঁতার শেখার উদ্বোধন করা হয় এবং ১০ জন শিশুর মাঝে লাইফ জ্যাকেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানের আয়োজন করেন মুসলিম মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা ও বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি, সাপ্তাহিক আল হেলাল পত্রিকার সম্পাদক জনাব মো. রিজাউল হক। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন,
“প্রতিটি শিশুরই সাঁতার শেখা অত্যন্ত জরুরি। সাঁতার জানা মানে শুধু একটি দক্ষতা নয়—এটি জীবনের নিরাপত্তা। আমরা চাই, আমাদের উপজেলায় যেন কোনো শিশুই সাঁতার না জানার কারণে দুর্ঘটনার শিকার না হয়।” তিনি আরও বলেন, “মুসলিম মিডিয়া ক্লাব সবসময় সমাজ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে চায়। আমরা চাই, প্রতিটি শিশুকে ধীরে ধীরে এই প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে।”
এ সময় উপস্থিত অভিভাবকরা সন্তুষ্টি প্রকাশ করে বলেন, এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমাদের সন্তানরা আনন্দের সঙ্গে সাঁতার শিখছে—এতে তারা যেমন আত্মবিশ্বাসী হচ্ছে, তেমনি পানির ভয়ও কাটছে।
লাইফ জ্যাকেটপ্রাপ্ত শিশুদের মুখে ছিল উচ্ছ্বাসের ঝিলিক। তারা বলেন, আমরা আগে পানিতে নামতে ভয় পেতাম, এখন আর ভয় লাগে না। সাঁতার শেখা খুব মজার। পুরো পরিবেশটি শিশুদের হাসি-খুশি ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে। অর্গানিক মাছের পুকুরে তাদের আনন্দঘন মুহূর্ত উপভোগ করেন উপস্থিত অতিথি ও পথচারীরাও।




















