তানোরে ‘মব’ তৈরি করে পুলিশের ওপর আক্রমণ আটক ১
- আপডেট সময়ঃ ০৯:৫০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
- / ১১৬ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদক, তানোরঃ
রাজশাহীর তানোরে ‘মব’ সৃষ্টি করে পুলিশের আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে,ক্যাবল টিভি নেটওয়ার্ক সংযোগ বৃদ্ধি করা নিয়ে দ্বন্দ্বে ‘মব’ তৈরি করে তানোর থানার গেটে পুলিশের ওপর আক্রমণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত পুলিশের এক এএসআই ও এক কনস্টেবল তানোর উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গত ১৯ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে তানোর থানা গেটের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ‘মব’ সৃষ্টিকারী জুবায়ের আলী (৩৮) নামের এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয় বলে নিশ্চিত হওয়া গেছে। তবে অপর দুজন ইলিয়াস (৩৫) ও জাকিরকে (৪২) ছাড়িয়ে নেয় বরেন্দ্র ডিজিটাল কেবল টিভি নেটওয়ার্কের স্বত্বাধিকারী বিএনপি নেতা মিজানুর রহমান মিজান। জুবায়ের বরেন্দ্র ডিজিটাল কেবল টিভি নেটওয়ার্কের ম্যানেজার। তার বাড়ি তানোর পৌর এলাকার গুবিরপাড়া মহল্লায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বহুদিন ধরে নিজ এলাকা উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) কন্দপুর গ্রামের বাসিন্দা ও কৃষক দলের ওয়ার্ড সভাপতি মোকলেছ আলী (৪০) ময়না কেবল টিভি নেটওয়ার্কের ব্যবসা পরিচালনা করে আসছেন। এমতাবস্থায় সেখানে বরেন্দ্র ডিজিটাল কেবল টিভি নেটওয়ার্কের সংযোগ দেওয়া হয়। এই সংযোগের স্বত্বাধিকারী বিএনপি নেতা মিজানুর রহমান মিজান।
এদিকে তাদের ব্যবসায়িক আধিপত্য নিয়ে উভয়পক্ষের লোকজনের মধ্যে গত বৃহস্পতিবার বিবাদ সৃষ্টি হয়। পরে ঘটনাটি নিয়ে থানায় অভিযোগ দেওয়া হয়। ফলে ওসির নির্দেশে ঘটনাটি সমাধানের জন্য শুক্রবার ১৯ সেপ্টেম্বর সকালে উভয় পক্ষকে নিয়ে থানায় বসার প্রক্রিয়া করেন এএসআই রুহুল আমীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে মোকলেছ আলী তার লোকজন নিয়ে থানার সামনে উপস্থিত হলে ‘মব’ সৃষ্টি করে তাদের মারধর করা হয়। এতে বাধা দিতে এগিয়ে গেলে পুলিশের ওপর হামলা চালায় বরেন্দ্র কেবল টিভি নেটওয়ার্কের লোকজন। এ সময় আহত হন এএসআই রুহুল আমীন ও এক পুলিশ কনস্টেবল। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়। পরে বিএনপি নেতা মিজানুর রহমান মিজান থানা থেকে ইলিয়াস আলী ও জাকির হোসেনকে ছড়িয়ে নেন।
এ বিষয়ে কৃষক দলের ওয়ার্ড সভাপতি মোকলেছ আলী বলেন, ঘটনাটি সমাধানের জন্য তার লোকজন নিয়ে তিনি থানার সামনে উপস্থিত হন। এ সময় বরেন্দ্র কেবল টিভি নেটওয়ার্কের ম্যানেজার জুবায়ের, ইলিয়াস ও জাকির ‘মব’ সৃষ্টি করে তাকে ও তার লোকজনের ওপর হামলা করে মারধর চালায় মিজানের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের ওপর আক্রমণ হলে এএসআই রুহুল আমীন ও এক পুলিশ কনস্টেবল আহত হন। পরে তারা পালিয়ে যান।
এবিষয়ে তানোর থানার এএসআই রুহুল আমীন বলেন, টিভি নেটওয়ার্ক সংযোগ ব্যবসার আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে ওসি স্যারের নির্দেশে উভয়পক্ষকে থানায় ডাকা হয়। এ সময় বরেন্দ্র কেবল টিভি নেটওয়ার্কের ম্যানেজার জুবায়ের, ইলিয়াস ও জাকির ‘মব’ সৃষ্টি করে বেধড়ক মারধর চালায় মোকলেছ আলী ও তার লোকজনের ওপর। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় তাদের ওপর হামলা করা হয়। এতে তিনি আহত হলে হাসপাতালে চিকিৎসা নেন। তার এমন বক্তব্যের কলরেকর্ড এ প্রতিবেদকের কাছে সংরক্ষণ রয়েছে। এ বিষয়ে বরেন্দ্র কেবল টিভি নেটওয়ার্কের স্বত্বাধিকারী ও বিএনপি নেতা মিজানুর রহমান মিজানের মোবাইলে ফোন দেওয়া হলেও রিসিভ হয়নি। তাই তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেনের সরকারি মোবাইলে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। পরে এ ব্যাপারে রাজশাহীর পুলিশ সুপার (এসপি) ফারজানা ইসলামের মোবাইলে ফোন দেওয়া হলে তিনি বলেন, এ সংক্রান্ত বিষয়ে তিনি অবগত নন। থানায় পুলিশের ওপর হামলা করা হয়ে থাকলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।










