লিবিয়ার উপকূলে সুদানের শরণার্থীবাহী নৌকায় অগ্নিকান্ডে ৫০জন নিহত
- আপডেট সময়ঃ ১১:১৬:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
- / ১২০ বার পড়া হয়েছে।

ডিপিডি নিউজ ডেক্সঃ
লিবিয়ার উপকূলের কাছে সুদানের শরণার্থীদের বহনকারী একটি নৌকায় আগুন লেগে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। নৌকাটিতে ৭৫ জন আরোহী ছিলেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এ তথ্য জানিয়েছে। জীবিত উদ্ধার করা ২৪ জন চিকিৎসা সহায়তা দিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা। খবর আল জাজিরার।
আইওএময়ের লিবিয়া শাখা সামাজিকমাধ্যমে দেয়া এক পোস্টে জানায়, ‘সমুদ্রে এই ধরনের মর্মান্তিক ঘটনা বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। গত মাসে ইয়েমেন উপকূলে একটি নৌকা ডুবে কমপক্ষে ৬৮ জন শরণার্থী ও অভিবাসী মারা যান। নিখোঁজ হন আরো বেশ কয়েকজন।
আইওএময়ের তথ্য অনুযায়ী, গত বছর ভূমধ্যসাগরে কমপক্ষে দুই হাজার ৪৫২ জন অভিবাসী বা শরণার্থী মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন।
২০১১ সালে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে প্রায় আট লাখ ৬৭ হাজার ৫৫ জন অভিবাসী লিবিয়ায় অবস্থান করছেন। গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটি ইউরোপগামী অভিবাসীদের ট্রানজিট রুটে পরিণত হয়েছে।
গাদ্দাফির সময় তেল সমৃদ্ধ এই দেশটিতে আফ্রিকার অভিবাসীরা কাজ করতেন।
এর আগে গত আগস্টে ইতালির লাম্পেদুসা দ্বীপের কাছে দুটি নৌকা ডুবে অন্তত ২৭ জনের মৃত্যু হয়। তার আগে জুন মাসে লিবিয়া উপকূলে দুটি জাহাজডুবিতে অন্তত ৬০ জনের মৃত্যু হয় বা নিখোঁজ হন।




















