জাকসু নির্বাচন বর্জন করলো ছাত্রদল
- আপডেট সময়ঃ ০৪:৫৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫৬ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদকঃ
বিভিন্ন অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল। বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্রদলের নেতৃত্বাধীন প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসান।
এর আগে আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত ভোট চলার কথা। কিন্তু তার আগেই নির্বাচন বর্জনের ঘোষণা দিলো ছাত্রদলের প্যানেল। এ নির্বাচনে ২৫ পদের বিপরীতে লড়ছেন ১৭৯ জন প্রার্থী।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের ১১টি ছাত্র হল ও ১০টি ছাত্রী হলের ৩১৫টি পদে লড়ছেন ৪৬৭ জন প্রার্থী। বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে মোট ভোটার ১১ হাজার ৯১৯ জন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১০২, ছাত্রী ৫ হাজার ৮১৭।
প্রসঙ্গত, আজ সকালে ভোটগ্রহণ শুরুর পর থেকেই নানা অভিযোগ শোনা যায়। এক্ষেত্রে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতৃত্বাধীন প্যানেলের পক্ষ থেকে পাল্টাপাল্টি অভিযোগ করা হতে থাকে। এমনকি একাধিক কেন্দ্রে ভোটগ্রহণও অল্প সময়ের জন্য বন্ধ থাকে। তাছাড়া ভোটের আগের রাতেই অভিযোগ উঠে যে, বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রকে- যিনি ছাত্রদলের নেতা- ব্যালট বাক্স নেওয়ার সঙ্গে দেখা যায়। এছাড়া আজ ভোটগ্রহণকালে একজনকে আটকও করা হয়।



















